ম্যাথিউস ‘ফিট’, হেরাথের জন্য অপেক্ষা শ্রীলঙ্কার
গোড়ালির গাঁটের চোট থেকে সেরে উঠেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আপাতত বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের আঙুলের চোট কাটিয়ে ওঠার অপেক্ষায় আছে শ্রীলঙ্কা।
আগামী বুধবার সিডনিতে কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কিন্তু এখন পর্যন্ত বাঁহাতের তর্জনীর চোট ভালোভাবে কাটিয়ে উঠতে পারেননি হেরাথ।
ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জেতা ম্যাচে চোট পান হেরাথ। বাঁহাতের তর্জনী কেটে যায়; চারটি সেলাইও লাগে। গত শুক্রবার তার আঙুলের সেলাই কাটা হয়।
তবে আঙুলের সেলাই কাটার পর শ্রীলঙ্কার অনুশীলনে এখনো বল করেননি হেরাথ। তবে দলের ম্যানেজার মাইকেল ডি জয়সা তার ফিটনেস নিয়ে আশাবাদী।
“সেরে ওঠার জন্য আমরা শুধু তাকে বাড়তি একটা দিন সময় দিচ্ছি।”
