২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলকেই বড় ভয় নিউ জিল্যান্ডের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ক্রিস গেইলকেই সবচেয়ে ভয় পাচ্ছে নিউ জিল্যান্ড। বিধ্বংসী এই উদ্বোধনী ব্যাটসম্যান তার দিনে যে কোনো দলকেই ধ্বংস করে দিতে পারেন বলে মনে করেন কিউইদের অন্যতম ব্যাটিং ভরসা কেন উইলিয়ামসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 01:57 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

শেষ আটের প্রতিপক্ষ ঠিক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন উইলিয়ামসন।

“সবাই জানে, ক্রিস গেইল কী করতে পারে এবং সে বিশ্ব ক্রিকেটে অন্যতম বড় ম্যাচ উইনার। তাই তার দিকে কিছুটা নজর দেওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
 
আগামী শনিবার শেষ আটের ম্যাচটিতে গেইল-ঝড় থামাতে নিউ জিল্যান্ডের বিশেষ পরিকল্পনা থাকারই ইঙ্গিত দিলেন উইলিয়ামসন। তবে নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান বলেন, তাদের এই বিশেষ পরিকল্পনা শুধুই ভালো বল করা। 
 
“সে যখন ভালো খেলে, বিশ্ব ক্রিকেটে যেকোনো দলকে মাটিতে নামিয়ে দেয়। কিন্তু ক্রিকেটের ধরণটা এরকম যে, আপনি ভালো বল করলে যে কাউকেই আউট করতে পারবেন।”

উইলিয়ামসন জানান, তার দলেও বিশ্বমানের কিছু ক্রিকেটার আছে যারা গেইলের মতোই ম্যাচ জেতাতে পারে। দুই দলের লড়াইটা তাই রোমাঞ্চকর হবে বলেই ধারণা করছেন তিনি।