২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারা-ডি ভিলিয়ার্সের সঙ্গে সেরা পাঁচে মাহমুদুল্লাহও

রান, রান আর রান। তাসমান সাগরের পূর্ব পাড় কী পশ্চিম পাড়; দুই কূলের ২২ গজেই রানের ঝড় উঠেছে। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে রান উৎসবের এই বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় 'ধ্রুপদী' সাঙ্গাকারা আর 'সৃষ্টিশীল' এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে শীর্ষ পাঁচের মধ্যেই আছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 08:40 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

পুরনো খবর:

সেরা দশে দাপট পেসারদেরই
বিশ্বকাপের সেরা ৫ বোলার
বিশ্বকাপের সেরা ৫ ব্যাটসম্যান

রোববার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ওভালে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হলো ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। নানা রোমাঞ্চ উপহার দিয়ে অবশেষে ঠিক হয়েছে কোয়ার্টার-ফাইনালের লাইনআপ।

রানগর্ভ বিশ্বকাপে শেষ আটে বাড়তি প্রেরণা নিয়ে যেতেই পারে শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব শেষে সেরা পাঁচ ব্যাটসম্যানের দুজনই তাদের। শীর্ষে রয়েছেন কুমার সাঙ্গাকারা, আর চতুর্থ স্থানে তিলকারত্নে দিলশান।

এদিক দিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর রসদ বাংলাদেশকে দিয়েছেন মাহমুদুল্লাহ। টানা দুটি শতক করে এখন পর্যন্ত টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অনুমিতভাবেই সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স, তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরের হিসাবটা আবার একটু অন্যরকম। তার দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে, কিন্তু ৬ ম্যাচে ৪৩৩ রান করে ডানহাতি এই ব্যাটসম্যান দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

বিশ্বকাপের শুরুটা ভালো ছিল না সাঙ্গাকারার। নিউ জিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৩৯ রান করেন তিনি। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করেন ৭ রান। তবে শ্রীলঙ্কার বাঁহাতি এই ব্যাটসম্যান প্রমাণ করেন-ফর্ম সাময়িক, কিন্তু মান চিরন্তন।

পরের চারটি ম্যাচে ধ্রুপদী ব্যাটিং উপহার দিয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান সাঙ্গাকারা। বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের দেশে এসে যেন ক্যারিয়ারের শেষ বিকেলটা রাঙিয়ে নিচ্ছেন ওয়ানডে ক্রিকেটের রঙিন আলোয়। গ্রুপ পর্বের ৬ ম্যাচে ৪৯৬ রান করেন তিনি। আর ১২৪ গড়ে এই রান করার পথে টানা চারটি শতক করে ইতিহাস গড়েন শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান।

বাংলাদেশের পর ইংল্যান্ড, এরপর অস্ট্রেলিয়া, শেষে স্কটল্যান্ড; বাহারি চারটি শতকের বুননে বাধলেন অমর এক রেকর্ডের মালা। এর আগে ওয়ানডে ক্রিকেটে টানা চারটি শতক করতে পারেনি কোনো ব্যাটসম্যান; বিশ্বকাপে তো নয়ই।

কোয়ার্টার-ফাইনালের সীমানা পেরিয়ে সেমি-ফাইনাল, আর শেষ চারের গণ্ডি পেরিয়ে ফাইনালে উঠতে পারলে আরও তিনটি ম্যাচ পাবেন সাঙ্গাকারা। আরেকটি রেকর্ডের হাতছানিও সেক্ষেত্রে তার সামনে আছে। এক বিশ্বকাপে শচিন টেন্ডুলকারের ৬৭৩ রানের সেই রেকর্ড খুব বেশি দূরে নয় তার কাছ থেকে।

বিশ্বকাপে দিলশানের শুরুটাও সাঙ্গাকারার মতো যেনতেনই হয়েছিল। নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৪ রান করার পর তো আফগানিস্তানের বিপক্ষে নেমে রানের খাতাই খুলতে পারেননি তিনি। তবু তার ওপর আস্থা রাখেন লঙ্কান নির্বাচকরা। দিলশানও সেই আস্থার প্রতিদান দেন। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১৬১ রানের সঙ্গে আরও একটি শতক মিলিয়ে ৬ ম্যাচে ৩৯৫ রান করেন তিনি।

এদিকে বিশ্বকাপের আগে থেকেই ক্রিকেট বিশ্বজুড়ে আলোচনায় ছিলেন ডি ভিলিয়ার্স। অতি-মানবীয় ব্যাটিং আর উদ্ভাবনী সব শট খেলে বিশ্বকাপটাকে তিনি নিজের আলোয় আলোকিত করবেন-এমনটাই ভাবছিল সবাই। ৬ ম্যাচে ৪১৭ রান করার পথে স্মরণীয় কীর্তি ঠিকই গড়েছেন ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভয়ালসুন্দর ব্যাটিং করে ৬৬ বলে অপরাজিত ১৬২ রান করেন তিনি। আর এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দেড়শ' রানের রেকর্ড এবং বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতক করেন ডি ভিলিয়ার্স। গ্রুপ পর্ব শেষে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে থাকা বাকি দুজন টেইলর ও মাহমুদুল্লাহকে অনেকেই হয়ত হিসেবে রাখেননি আগে। কিন্তু নিজেদের সেরা খেলাটা উপহার দিয়ে অভিজাতদের দলে জায়গা করে নেন তারাও।

মারকুটে ক্রিস গেইল, ভারতের ভরসার নাম বিরাট কোহলি আর রান-মেশিন শিখর ধাওয়ান, নিউ জিল্যান্ডের বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম আর নির্ভরতার প্রতীক কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার মারমুখী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল…এরকম কত বড় বড় নাম আছে এই বিশ্বকাপে। কিন্তু সবাইকে পেছনে ফেলেই সেরা পাঁচে জায়গা করে নেন মাহমুদুল্লাহ।

ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবারের ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় প্রেরণা হতে পারেন ৮৬ গড়ে ৩৪৪ রান করা মাহমুদুল্লাহ। সেরা পাঁচে থাকা বাকি চারজন যখন ৬টি করে ম্যাচ খেলেছেন, মাহমুদুল্লাহ তখন এই রান করেন ৫ ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়।

নয়নাভিরাম ব্যাটিং করে এই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস নতুন করে লেখান মাহমুদুল্লাহ। আগের চারটি বিশ্বকাপে বাংলাদেশের কারোরই শতক করার কৃতিত্ব ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার ম্যাচে ওই অপূর্ণতা ঘোঁচান তিনি। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে আরেকটি অসাধারণ শতকের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ।

সর্বোচ্চ রান:

খেলোয়াড়

ইনিংস

রান

সর্বোচ্চ

গড়

স্ট্রাইক রেট

১০০

৫০

কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কা

৬

৪৯৬

১২৪

১২৪.০০

১১৯.৫১

৪

০

ব্রেন্ডন টেইলর, জিম্বাবুয়ে

৬

৪৩৩

১৩৮

৭২.১৬

১০৬.৯১

২

১

এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা

৬

৪১৭

১৬২*

৮৩.৪০

১৪৪.২৯

১

২

তিলকারত্নে দিলশান, শ্রীলঙ্কা

৬

৩৯৫

১৬১*

৭৯.০০

৯৮.২৫

২

১

মাহমুদুল্লাহ, বাংলাদেশ

৫

৩৪৪

১২৮*

৮৬.০০

৮২.৮৯

২

১

শন উইলিয়ামস, জিম্বাবুয়ে

৬

৩৩৯

৯৬

৬৭.৮০

১০৯.০০

০

৪

শিখর ধাওয়ান, ভারত

৬

৩৩৭

১৩৭

৫৬.১৬

৯৪.১৩

২

১

মিসবাহ-উল হক, পাকিস্তান

৬

৩১৬

৭৬

৫২.৬৬

৭৭.৬৪

০

৪

সাইমান আনোয়ার, আরব আমিরাত

৬

৩১১

১০৬

৫১.৮৩

৯১.৪৭

১

২

হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকা

৬

৩০৭

১৫৯

৫১.১৬

৯৮.০৮

১

১