সেরা দশে দাপট পেসারদেরই
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপের উইকেট যে পেসারদের হাত বাড়িয়ে ডাকবে, তা জানাই ছিল। যথারীতি পেসাররা আগুন ঝরানো বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের পরীক্ষাও নিচ্ছেন বেশ।
বিশ্বকাপের একাদশ আসরে গ্রুপ পর্বের খেলা শেষে দেখা যাচ্ছে, উইকেট শিকারীর তালিকায় পেসারদের আধিপত্য বেশি। সেরা পাঁচের পাঁচজনই পেসার। আর সেরা দশে আট পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার ড্যানিয়েল ভেটোরি ও রবিচন্দ্রন অশ্বিন।
বাংলাদেশের দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের উইকেটে আলো ছড়ালেও সেরা দশে ঠাঁই পাননি। পাঁচ ম্যাচে রুবেল ৭টি আর মাশরাফি ৪ ম্যাচে নেন ৬টি করে উইকেট। আর দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঘূর্ণিতে পাঁচ ম্যাচের শিকার করেন প্রতিপক্ষের সাত ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনের ম্যাচটি বৃষ্টিতে ভেসে না গেলে বাংলাদেশের রুবেল-সাকিবদের উইকেট অবশ্য আরও বাড়তে পারত।
সেরা দশে নিউ জিল্যান্ডের বোলার আছেন ৩ জন। ভারতের ২ জন এবং অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ১ জন করে বোলার সেরা দশে জায়গা করে নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণভাগের জোয়াল এবারের আসরে বলতে গেলে জেরোম টেইলর একাই টেনেছেন। ডানহাতি এই পেসার ১৪ উইকেট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে আছেন। বিশ্বকাপের একাদশ আসরে খেলা ছয় ম্যাচের মধ্যে কেবল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনির ম্যাচে নিষ্প্রভ ছিলেন তিনি; বাকি পাঁচ ম্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বুকে ঠিকই কাঁপন ধরান টেইলর।
পাকিস্তানের পেসার রিয়াজ ওয়েস্ট ইন্ডিজের টেইলরের মতো ১৪ উইকেট পেলেও বেশি রান দিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।
তালিকায় সপ্তম স্থানে থাকা নিউ জিল্যান্ডের স্পিনার ভেটোরির ছয় ম্যাচে শিকার ১৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার পেসার মরকেল ও নিউ জিল্যান্ডের পেসার টিম সাউদিও পেয়েছেন ১৩ উইকেট। ছয় ম্যাচে ১২ উইকেট নিয়ে সেরা দশে দশম ভারতের স্পিনার অশ্বিন।
সর্বোচ্চ উইকেট:
বোলার | ম্যাচ | ওভার | রান | উইকেট | সর্বোচ্চ | গড় | ইকোনোমি |
মিচেল স্ট্যার্ক, অস্ট্রেলিয়া | ৫ | ৩৭.০ | ১৩৬ | ১৬ | ৬/২৮ | ৮.৫০ | ৩.৬৭ |
মোহাম্মদ সামি, ভারত | ৫ | ৪৩.০ | ১৮৯ | ১৫ | ৪/৩৫ | ১২.৬০ | ৪.৩৯ |
ট্রেন্ট বোল্ট, নিউ জিল্যান্ড | ৬ | ৫৬.০ | ২৩৪ | ১৫ | ৫/২৭ | ১৫.৬০ | ৪.১৭ |
জশ ডেভি, স্কটল্যান্ড | ৬ | ৫০.০ | ৩১১ | ১৫ | ৪/৬৮ | ২০.৭৩ | ৬.২২ |
জেরোম টেইলর, ওয়েস্ট ইন্ডিজ | ৬ | ৫০.৩ | ২৫৭ | ১৪ | ৩/১৫ | ১৮.৩৫ | ৫.০৮ |
ওয়াহাব রিয়াজ, পাকিস্তান | ৬ | ৫৭.১ | ৩১৪ | ১৪ | ৪/৪৫ | ২২.৪২ | ৫.৪৯ |
ড্যানিয়েল ভেটোরি, নিউ জিল্যান্ড | ৬ | ৫৫.২ | ১৭৮ | ১৩ | ৪/১৮ | ১৩.৬৯ | ৩.২১ |
মর্নে মরকেল, দক্ষিণ আফ্রিকা | ৬ | ৫২.১ | ২১৩ | ১৩ | ৩/৩৪ | ১৬.৩৮ | ৪.০৮ |
টিম সাউদি, নিউ জিল্যান্ড | ৬ | ৫৬.০ | ২৭০ | ১৩ | ৭/৩৩ | ২০.৭৬ | ৪.৮২ |
রবিচন্দ্রন অশ্বিন, ভারত | ৬ | ৫৭.০ | ২৫৮ | ১২ | ৪/২৫ | ২১.৫০ | ৪.৫২ |
