২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কাছে হেরেও টিকে থাকছেন ইংল্যান্ড কোচ

বাংলাদেশের কাছে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর দলটির কোচ পিটার মুরসের সমালোচনা চলছে চারদিকে। তবে আপাতত কোচের চাকরিটা হারাতে হচ্ছে না তাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 04:40 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

ইংল্যান্ড ও ওয়ালেস ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক পল ডাউনটন মুরসের কোচের পদে বহাল থাকার বিষয়ে বলেন, “মুরসের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সে থাকবে।”

গত সোমবার অ্যাডিলেইড ওভালে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে বিশ্বকাপের একাদশ আসরের গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে যায়।

মাশরাফিদের কাছে হারের পর ম্যাচ শেষে প্রতিক্রিয়া দিতে এসে কোচের পদে থাকা, না থাকা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন মুরস। মর্গ্যান-ব্রডদের কোচ হিসেবে থাকার ইচ্ছা জানালেও তিনি বলেন, “এটা আমার সিদ্ধান্ত নয়।”

আপাতত কোচের পদে টিকে গেলেও মুরসের ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কেননা, ডাউনটনই বলেন, “(বিশ্বকাপ শেষ করে) যখন ফিরব, তখন আমরা বসব এবং সবকিছুই পর্যালোচনা করব।”

বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইংল্যান্ডের কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতে দেরি করেননি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনার ইংল্যান্ডকে ‘ভুল দল’, ‘ভুল কৌশলে খেলা দল’ বলে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে মন্তব্য করেন।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ বয়কট ও দলের সমালোচনা করেন। মুরস, মর্গ্যানদের নিজেদের দিকে তাকানোর পরামর্শও দেন তিনি।

তবে চারদিকে সমালোচনা সত্ত্বেও মুরস-মর্গ্যানদের এ মুহূর্তে আফগানিস্তান ম্যাচে মনোযোগের সুযোগ করে দেওয়ার পক্ষে ডাউনটন। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আগামী শুক্রবার এই আসরের নবাগত আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।

পুরনো খবর:

মুশফিকদের সামনে ত্রয়ী ভয়ঙ্কর
‘বাংলাওয়াশ’ ভোলেননি নিউ জিল্যান্ড কোচ
বাংলাদেশ ম্যাচের আগে কিউই দলে অসুস্থতা
অ্যাডিলেইডেও রুবেল-বন্দনা