২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেইডেও রুবেল-বন্দনা

অ্যাডিলেইডে প্রবাসী বাংলাদেশের উৎসব এখনো থামেনি। বিভিন্ন জনের বাসায় চলছে খাওয়া-দাওয়া। বিজয় উৎসবের এই আসরগুলোয় চলছে পেসার রুবেল হোসেনের বন্দনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলুল বারী, অ্যাডিলেইড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2015, 07:52 PM

Updated : 25 Apr 2022, 01:07 PM

সবার মুখেই এক কথা-এমন একটি ম্যাচে বাংলাদেশ হেরেও যেতে পারত। কিন্তু শেষ মূহুর্তে দূর্দান্ত বোলিং করে জয় ছিনিয়ে এনেছেন রুবেল। কেউ কেউ বলছেন, এটা আসলে রুবেল-জাদু।

অ্যাডিলেইড প্রবাসী আসিফ কামাল বলেন, "এই ম্যাচকে ঘিরে আমরা অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা সবাই দলের কাছে চাইছিলাম একটা উপভোগ্য ম্যাচ এবং জয়। আমরা ভাগ্যবান যে, আমাদের চাওয়ার  ষোলো আনাই পেয়েছি।"

আসিফ বলে চলেন, "মাহমুদুল্লাহ, মুশফিক, সৌম্যসহ অনেকেই ভালো খেলেছেন সোমবারের ম্যাচে। কিন্তু শেষ মূহুর্তে ম্যাচ জিতিয়েছেন রুবেল।"

ইমরানের কাছে বিষয়টি এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে। তবে সুন্দর এই বাস্তব উপহার রুবেলের জন্যই তিনি পেয়েছেন বলে মনে করেন।

"রুবেলের শেষ ওভারে দূর্দান্ত দুই উইকেট আর স্বপ্নের কোয়ার্টার-ফাইনালে চলে গেলাম আমরা। পুরো বিষয়টি এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। চোখ বুঝলেই রুবেলের বল দুটি দেখি। যেন ঝড়ের বেগে ছুটে গিয়ে শেষ পেরেকটি ঠুকে দিচ্ছেন ক্রিকেট খেলার উদ্ভাবক বৃটিশ সাম্রাজ্যের কফিনে! সারা জীবন এ দৃশ্যটি ভুলব না।"

আজমাল হুদা জানান, রুবেলের বল দুটিকে তার কাছে জাদুই মনে হয়েছে।

তামিমের ক্যাচ মিস আর রুবেলের ওই দুটি বল নিয়ে তিনি বলেন, "খেলার শ্বাসরুদ্ধকর সময়টায় তামিম ক্যাচটা ফেলে দেয়ায় ভাবছিলাম এই বুঝি আমাদের ম্যাচ মিস! উত্তেজনায় প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা তখন! ওই সময়ে আমাদের প্রাণ ফিরিয়ে দিলেন রুবেল। তার প্রতি আমরা কৃতজ্ঞ।"

পথের ক্লান্তি নিয়ে মেলবোর্ন থেকে অ্যাডিলেইডে বাংলাদেশের খেলা দেখতে আসেন নীনা রাজ্জাক। তার দীর্ঘ ভ্রমনের ক্লান্তি দূর করেছে প্রিয় দলের জয়। জয়টা রুবেলের অসাধারণ বোলিংয়ের কারণেই এসেছে বলে মনে করেন তিনি। আর এজন্য তিনি রুবেলকে দূর থেকেই ধন্যবাদ জানান।