অ্যাডিলেইডের উইকেটে রান দেখছেন ইংল্যান্ড কোচ
হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিশ্চিত, বাংলাদেশের বিপক্ষে এমন একটি ম্যাচের আগে কিভাবে পরিকল্পনা সাজাচ্ছেন ইংল্যান্ডের কোচ? অ্যাডিলেইডের উইকেটই বা কেমন হবে বলে মনে করছেন তিনি? পিটার মুরস মনে করেন, রান ওঠার উইকেট এটা।
অস্ট্রেলিয়ার মাঠ অ্যাডিলেইড ওভালে সোমবার বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি হবে 'ড্রপ ইন' পিচে। ম্যাচের আগের দিন রোববার উইকেট খুব ভালো করে দেখেন মুরস। এরপর সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে কথা বলেন ইংল্যান্ড কোচ।
"পিচ ভালো। আমি এখন আবার দেখলাম…ঐতিহ্যগতভাবেই ভালো ব্যাটিং উইকেট মনে হয়েছে। এটা রানে ভরা হবে বলেই আশা করছি আমি।"
তাহলে অ্যাডিলেইড ওভালের উইকেটে বোলারদের জন্য কি কিছুই থাকবে না?
মুরস বলেন, "বোলিংয়ের দিক থেকে আমরা সেরা দলটিই নামাব, যারা উইকেট নিতে সক্ষম।"
বাংলাদেশের বোলিং আক্রমণের ক্ষেত্রে স্পিনই শক্তিশালী বিভাগ। এমন উইকেটে স্পিনাররা ভালো করার একটা সম্ভাবনাও থাকে। বাংলাদেশের স্পিন সামলাতে ইংল্যান্ড দলের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি?
এই প্রশ্নের উত্তর একটু অন্যভাবেই দেন মুরস।
"হ্যাঁ, বাংলাদেশের অনেক খেলা দেখেছি আমরা। …সবাই সবাইকে দেখে। আপনি শুধু আপনার ফুটেজই দেখতে পাবেন না, আপনি টিভি ছাড়বেন এবং সবসময়ই পুনরাবৃত্তি হতে থাকে। তাই আমি মনে করি, তারা সবাই আমাদের চেনে এবং আমরাও তাদের চিনব।"
