বাংলাদেশ ম্যাচে দল নিয়ে সিদ্ধান্তহীনতায় মর্গ্যান
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে দলে পরিবর্তন আনার পক্ষে খুব একটা মত নেই ওয়েন মর্গ্যানের। তবে গ্যারি ব্যালান্সের জায়গায় শেষ পর্যন্ত অ্যালেক্স হেলসকে দলে নিলে তিনি ভালো করবেন বলেও বিশ্বাস করেন ইংল্যান্ড অধিনায়ক।
সোমবার অ্যাডিলেইড ওভালে ম্যাচটির আগে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারদের কেউ কেউ দলে পরিবর্তন আনার পরামর্শ দেন। অনুজ্জ্বল ব্যালান্সের পরিবর্তে সব পজিশনেই ব্যাট করতে পারা হেলসকে দলে নেওয়ার কথা বলছেন অনেকে।
হারলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে-এমন ম্যাচের আগে হুট করেই একটা সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নন মর্গ্যান। এ নিয়ে কোচের সঙ্গেও কথা বলেছেন তিনি।
"দলে কাউকে পরিবর্তন করা বড় একটা সিদ্ধান্ত এবং এটা হালকাভাবে নেওয়া যাবে না। এই সিদ্ধান্ত দ্রুতও নেওয়া যাবে না।"
হেলসকে সুযোগ দিলে অবশ্য সেটা তিনি কাজে লাগাতে পারবে বলেই মনে করেন মর্গ্যান।
