ধোনির কাছে অনেক মাহাত্ম্যের এক জয়
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের স্কোর কার্ডে থাকবে-ভারত ১৩০ রানে জয়ী। কিন্তু লেখা থাকবে না ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির তৃপ্তির বিষয়টি। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সন্তুষ্টির সেই বিষয়গুলো টেনেই তিনি বলেছেন, এই জয়ের মাহাত্ম্য তার কাছে অনেক।
রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ভারতের জয়ের মাহাত্ম্য নিয়ে কথা বলেন ধোনি।
"আমি মনে করি, ফলের চেয়েও বেশি কিছু হল, আমরা যেভাবে খেলেছি। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ভালো করা।"
ম্যাচের আগে বিরাট কোহলি বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার মতো একটি শক্তিশালী দলের পক্ষে জিততে হলে নিজেদের আত্মবিশ্বাসটা চূড়ান্ত পর্যায়ে থাকতে হবে। সেই আত্মবিশ্বাসের জোরেই বড় জয় পেল ভারত। ম্যাচ শেষে ধোনি এই বলে তৃপ্তির ঢেকুর তুলছেন যে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি বড় দলের বিপক্ষে এমন জয়ের মানে হলো, ভারত পুরোপুরি পারফর্ম করেছে।
টস জয় খুব গুরুত্বপূর্ণ ছিল বলে জানান ধোনি। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং-তিন বিভাগেই দল খুব ভালো করেছে বলে খুশি তিনি। বিশেষ করে বোলার আর ফিল্ডারদের প্রশংসা করেন ভারতের অধিনায়ক।
"আলোর নীচে আমরা বল সুইং করাতে পেরেছি। বোলাররা ভালো জায়গায় বল করেছে, জাদেজা খুব ভালো বল করেছে। …রানআউট (দুটি) নিয়ে খুব খুশি। আমরা সাধারণত আমাদের ফাস্ট বোলারদের মারতে দেখি প্রতিপক্ষকে। মোহিত (শর্মা) ও উমেশ (যাদব) বেশ জোরে বল করেছে এবং ভালোভাবেই।"
যে পরিকল্পনা নিয়ে ভারত মাঠে নেমেছিল, তা সফল হয়েছে বলে উল্লেখ করেন ধোনি। আর ফাস্ট বোলাররা নেটে যে পরিশ্রম করেছে, সেটা অবশেষে কাজে লাগল বলে খুশি তিনি।
