২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনা অনুয়ায়ী খেলে সাফল্য ধাওয়ানের

অসাধারণ এক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এনে দিয়ে দারুণ খুশি শিখর ধাওয়ান। ম্যাচ সেরার পুরস্কার জেতা ভারতের এই ব্যাটসম্যান জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী খেলেই এই সাফল্য পেয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 05:51 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

পুরনো খবর:

দাপুটে জয়ে গেরো ছুটল ভারতের

রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

তৃতীয় ওভারে স্কোর বোর্ডে ৯ রান যোগ হতেই প্রথম উইকেট হারায় ভারত। কোনো রান করে রোহিত শর্মা আউট হয়ে গেলেও দলকে বিপদে পড়তে দেননি ধাওয়ান। ১৬টি চার ও দুটি ছয়ে ১৪৬ বলে ১৩৭ রান করা ধাওয়ান ম্যাচ শেষে বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানের অবদানের কথা বলেন।

"তারা সুন্দর ব্যাটিং করেছে। শুরুর দিকে আমরা চাপে থাকার সময় বিরাট স্থিতি এনে দেয় এবং জিঙ্কিও (অজিঙ্কা) ভালোভাবে শুরু করে।"

শুরুতে উইকেট পড়ে যাওয়ায় ধাওয়ান দেখেশুনে খেলেন। তবে যখন রানের গতি বাড়ানোর প্রয়োজন, তখন দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর ঠিকই চড়াও হন। ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে এ বিষয়েও কথা বলেন।

"আমি নির্ভারই ছিলাম। আমি জানতাম, একবার (উইকেটে) সেট হলে রান রেট বাড়াতে পারব। ২০-২৫ ওভার পর আমি শুরু করলাম এবং জানতাম, সহজেই বাউন্ডারি নিতে পারব আমি।"

পরিকল্পনা সব কাজে লেগেছে। বিশ্বকাপে নিজের প্রথম শতক পান এবং প্রথমবারের মতো বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কারও জিতলেন। সঙ্গে দলের টানা দুটি জয়ের আনন্দ; সব মিলে খুব খুশি ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান।

"আমি বলতে পারি, এটা দারুণ এক অনুভূতি।"