হেরেও সন্তুষ্ট আফগান অধিনায়ক
হারলেও গত বিশ্বকাপের রানার্সআপ শ্রীলঙ্কার ঘাম ছুটিয়ে দিয়েছে আফগানিস্তান। সতীর্থদের তাই লড়াকু খেলা দেখে খুশি দলটির অধিনায়ক মোহাম্মদ নবি।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে রোববার আগে ব্যাটিং করে ২৩২ রান তোলে আফগানিস্তান। তবে ২৩৩ রানের লক্ষ্যে শ্রীলঙ্কাকে তারা সহজে পৌঁছাতে দেয়নি। ম্যাথিউস-মাহেলাদের জয়ের জন্য ৪৮.২ ওভার পর্যন্ত অপেক্ষায় রাখে আফগানিস্তান।
ম্যাচ শেষে তাই আনন্দের কথাই বলেন নবি, “আমরা শুরুর ১০-১৫ ওভার আসলেই ভালো বোলিং করেছি, শেষে তাদেরকে চাপে রেখেছিলাম। আমরা কিছু রান আউটের সুযোগ হারিয়েছি, কিন্তু আমরা অবশ্যই তাদের জন্য ম্যাচটি কঠিন করে তুলেছিলাম; তাই আমরা সন্তুষ্ট।”
শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান দৌলত জাদরান ও শাপুর জাদরান। ৫১ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় গত আসরের রানার্সআপরা। এরপর আফগানিস্তানের মুঠো থেকে একটু একটু করে ম্যাচ বের করে নেয় মাহেলা জয়াবর্ধনে ও ম্যাথিউসের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং।
ম্যাচ শেষে তাই মূল্যবান এক শতক করা মাহেলা ও ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলা ম্যাথিউস নবির প্রশংসা পেলেন, “যেভাবে মাহেলা ও ম্যাথিউস খেলছে, তা ছিল চমৎকার এবং মনে হয়নি, তারা কোনো চাপে আছে।”
দলের মোট আটজন দুই অঙ্কের রান তুললেও আড়াইশ’ ছুঁতে পারেনি আফগানিস্তানের স্কোর। একমাত্র আসগর স্তানিকজাই পঞ্চাশ পেরুনো ইনিংস খেলেছেন। নবিও জানান তাদের কিছু রানের ঘাটতি ছিল।
“আমার মনে হয়, আমাদের ৩০-৪০ রানের ঘাটতি ছিল।”
স্কটল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান। বাংলাদেশের পর শ্রীলঙ্কার কাছে হারলেও খুব একটা হতাশা নেই তাদের। এমনকি, পরের ম্যাচে দল ভালো খেলবে বলে আশাবাদী নবি।
