ম্যাচ জিতে শতকের হতাশা ভুললেন স্টার্লিং
ওয়ানডে ক্যারিয়ারে ষষ্ঠ শতকের কাছে গিয়েও তা না পাওয়ার হতাশা ম্যাচ শেষে আর থাকেনি পল স্টার্লিংয়ের। তার ৯২ রানের ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে আয়ারল্যান্ড। ম্যাচ সেরা এই আইরিশ ব্যাটসম্যান দলের জয়েই খুশি।
সোমবার নিউ জিল্যান্ডের নেলসনে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ২০১৫ বিশ্বকাপ অভিযান শুরু করে আয়ারল্যান্ড। জেসন হোল্ডারদের করা ৩০৪ রান তাড়া করতে নেমে স্টার্লিংয়ের অসাধারণ ব্যাটিংয়ে ২৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে জানানো প্রতিক্রিয়ায় দলের জয়টাকেই বড় করে দেখান তিনি।
"প্রতিযোগিতার প্রথম জয় পাওয়াটা দারুণ এবং আশা করি, এটাকে আমরা এক সপ্তাহের মধ্যে দুইয়ে দুই করতে পারব।"
পোর্টারফিল্ডের সঙ্গে ৭১ রানের জুটিতে আয়ারল্যান্ডকে ভালো সূচনা এনে দেন স্টার্লিং। ক্রিস গেইল আয়ারল্যান্ডের অধিনায়ককে বিদায় করলেও দলকে এগিয়ে নিতে থাকেন তিনি।
দ্বিতীয় উইকেটে এড জয়েসের সঙ্গে ১০৬ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন ম্যাচসেরা স্টার্লিং। অষ্টম ওভারে জেরোম টেইলরের বল তার হেলমেটে লাগে। এই পেসারের করা ২৫তম ওভারে ১৮ রান তুলে নেন স্টার্লিং।
দলকে জয়ের পথে নিয়ে গেলেও ৮ রানের জন্য শতক পাননি তিনি। তার ৮৪ বলের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৯টি চার ও ৩টি ছক্কায়।
