'অঘটন' শব্দে আপত্তি পোর্টারফিল্ডের
কাগজে-কলমের হিসাব, ইতিহাস-ঐতিহ্য আর তারকা দ্যুতি-ওয়েস্ট ইন্ডিজ সব দিক থেকেই এগিয়ে থাকায় তাদের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়টি চলে গেছে 'অঘটন' এর তালিকায়। তবে আইসিসির সহযোগী দেশটির অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড এই তকমায় প্রবল আপত্তি জানিয়েছেন।
সোমবার নিউ জিল্যান্ডের নেলসনে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ২০১৫ বিশ্বকাপ অভিযান শুরু করে আয়ারল্যান্ড।
নেলসনের স্যাক্সটন ওভালে ম্যাচের কোনো সময়েই আইরিশরা বিপদে আছে বা পড়েছে বলে মনে হয়নি। এমনকি ওয়েস্ট ইন্ডিজ তাদের ৩০৫ রানের বিশাল লক্ষ্য দেওয়ার পরও সহজেই তা অতিক্রম করে যায় আয়ারল্যান্ড।
৬ উইকেট হারিয়ে ২৫ বল হাতে রেখেই আইরিশরা জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যাচের এসব ঘটনা বিশ্লেষণ করে নিজেদের জয়টাকে 'স্বাভাবিক' বলেই উল্লেখ করেন পোর্টারফিল্ড।
"ব্যক্তিগতভাবে ছোট বা সহযোগীদের দলগুলোর কাছ থেকে আপসেট শব্দটিকে আমি ঘৃণা করি। আমি এটাকে আপসেট হিসেবে দেখি না। আমরা ম্যাচটি জয়ের প্রস্তুতি নিয়ে এসেছি, আমরা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের জন্য তৈরি, এর পর দক্ষিণ আফ্রিকা এবং এভাবেই চলতে থাকবে।"
প্রতিপক্ষ কে, এটা না ভেবে বিশ্বকাপের প্রথম পর্বে প্রত্যেক ম্যাচ থেকেই ২ পয়েন্ট করে পাওয়াই আয়ারল্যান্ডের লক্ষ্য বলে জানান পোর্টারফিল্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের পঞ্চম। ২০০৭ সালে অভিষেক বিশ্বকাপে পাকিস্তানকে হারায় তারা। একই বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে জেতে আইরিশরা।
২০১১ বিশ্বকাপের নকআউট পর্বে যেতে না পারলেও দৈত্য-বধের ঐতিহ্য ধরে রাখে তারা। সেবার প্রতিবেশী ইংল্যান্ডকে হারায় আয়ারল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগেই পোর্টারফিল্ড বলেছিলেন, জেসন হোল্ডারের দলকে তার দলের হারানোটা কোনো বিস্ময় হবে না। ম্যাচ শেষে সহজ জয় পাওয়ার কথা বলেন তিনি।
"সবসময়ই ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছি বলে মনে হয়েছে এবং কোনো পর্যায়ে কখনোই মনে হয়নি, আমরা চাপে আছি। এটা ছিল দারুণ।"
