২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিশদের দৃষ্টিতে নকআউটের সীমানা

বিশ্বকাপে সাফল্যের ভাণ্ডারটা আরও সমৃদ্ধ করতে চায় আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২০১৫ বিশ্বকাপ অভিযান শুরুর পর নকআউটে ওঠার আত্মবিশ্বাসের পালে জোর হাওয়া লেগেছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 01:31 PM

Updated : 12 Oct 2022, 03:17 PM

সোমবার নিউ জিল্যান্ডের নেলসনে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারায় আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ৩০৫ রান তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা।

ম্যাচের দিন সকালে আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে উদ্দেশ করে এক সমর্থক টুইট করে-আয়ারল্যান্ড কি নকআউটে যেতে পারবে? এই আত্মবিশ্বাস কি তাদের আছে?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাস সঞ্চয় করে নেওয়া জয়টির পর ধারাভাষ্যকার ইয়ান বিশপ টুইটটি উল্লেখ করে একই প্রশ্ন করেন পোর্টারফিল্ডকে। আইরিশ অধিনায়ক বলেন, “আমি বিশ্বাস করি, আয়ারল্যান্ড নকআউটে যেতে পারে। এখন আমরা ব্রিসবেনে ভিন্ন কন্ডিশনে যাচ্ছি। অন্যদের কাছে নিজেদের প্রমাণ করে যেতে চাই আমরা।”

২০০৭ সালে বিশ্বকাপে পা রেখেই সবাইকে চমকে দিয়েছিল আয়ারল্যান্ড। সেবার তারা প্রথম পর্বেই বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় সেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পাকিস্তানের। এরপর সুপার এইটে বাংলাদেশকে হারায় আইরিশরা।

দৈত্য-বধের ঐতিহ্য ২০১১ সালেও অব্যাহত রাখে আয়ারল্যান্ড। সেবার প্রতিবেশী ইংল্যান্ডকে হারায় তারা। আর এবার নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের এগিয়ে চলার প্রমাণ দেয় পোর্টারফিল্ডের দল।

২০০৭ সালে শুরু করা রূপকথা এগিয়ে নিয়ে যেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়টি খুব সাহায্য করবে বলে মনে করেন পোর্টারফিল্ড।

“জেতাটা অবশ্যই অসাধারণ। এটা আগামী কয়েক ম্যাচের জন্য সুন্দরভাবে আমাদের ভালো অবস্থায় রাখবে। লম্বা সময় ধরে দলের মধ্যে বিশ্বাসটা বাড়ছে এবং আমরা নিজেদের সামর্থ্য সম্পর্কে জানি।”