পরাজয় হজম করতে পারছে না উইন্ডিজ
প্রথম ম্যাচেই হোঁচট, তাও আবার আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে হার। এটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে দেশটির অধিনায়ক জেসন হোল্ডারের কথায় বেরিয়ে এসেছে তা।
সোমবার নিউ জিল্যান্ডের নেলসনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হারে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপের কাছে দেওয়া সাক্ষাৎকারে হারটি হজম করে না নিতে পারার কথা বলেন হোল্ডার, "এটা কঠিন এক হার।"
ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩০৫ রানের লক্ষ্যে ২৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড। এভাবে হেরে যেতে হবে সেটা মোটেই ভাবেননি হোল্ডার।
"অবশ্যই ৩০০ রানের বেশি করাটা পর্যাপ্ত হওয়া উচিৎ ছিল। কিন্তু আজ তা হয়নি।"
৮৭ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ড্যারেন স্যামি ও লেন্ডল সিমন্সের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। ১৫৪ রানের জুটি গড়ে দলকে তিনশ' পার হওয়া রান এনে দিতে সাহায্য করেন স্যামি-সিমন্স। ম্যাচ শেষে এই দুজনের প্রশংসা করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
"তারা (লেন্ডল সিমন্স ও ড্যারেন স্যামি) এল এবং আমাদের অনুপ্রেরণা দিল। কিন্তু এটা পর্যাপ্ত ছিল না।"
