প্রথম ম্যাচের ভেন্যু ক্যানবেরায় মাশরাফিরা
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ক্যানবেরায় পৌঁছেছে বাংলাদেশ দল। বুধবার এখানের ম্যানুকা ওভাল মাঠে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।
ম্যানুকা ওভালের দর্শক ধারণ ক্ষমতা ১৩ হাজার। কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছিলেন, বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে।
ক্যানবেরায় পৌঁছে শুক্রবার আশার কথায় শুনিয়েছেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তিনি জানান, দেশের ক্রিকেটপাগল মানুষের জন্য আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ থেকেই পারফর্ম করতে চান তারা।
বিশ্বকাপ শুরুর আগের প্রস্তুতি ম্যাচে অবশ্য প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া একাদশের কাছে দুই ম্যাচ হারের পর পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষের প্রস্তুতি ম্যাচেও হেরে যায় মাশরাফির দল।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ ও আফগানিস্তানের গ্রুপে আছে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও স্কটল্যান্ড।
গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ খেলবে ব্রিসবেনে। ওই ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
