দেশের মানুষের জন্য সেরাটা দিতে চান এনামুল
বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পৌঁছে দেশবাসীর জন্য নিজেদের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এনামুল হক। দলে সাকিব, তামিমের মতো অভিজ্ঞরা থাকায় লক্ষ্য পূরণের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান।
ক্যানবেরায় বুধবার আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এ ম্যাচ সামনে রেখে এনামুল দেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা তুলে ধরেন।
“বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বাংলাদেশের মানুষ ক্রিকেট বলতে পাগল। যখন আমরা জিতি, সবাই তখন হাসে, উচ্ছ্বাস প্রকাশ করে এবং আমরা যখন হারি, তখন সবাই কাঁদে এবং হতাশ হয়। তো আমরা দেশের মানুষের জন্য পারফর্ম করতে চাই।”
প্রস্তুতি ম্যাচে হারের ক্ষত নিয়ে শুক্রবার ক্যানবেরায় পৌঁছেছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া একাদশের কাছে দুই ম্যাচ হারের পর পাকিস্তান ও আয়ারল্যান্ডের কাছেও হার মানে মাশরাফির দল। এনামুল জানান, প্রস্তুতি ম্যাচগুলো থেকে শিখেছেন তারা।
“হার সবসময় হতাশার; কিন্তু আমরা আশা করি, প্রতিটি ম্যাচ থেকে আমরা শিখেছি।”
প্রস্তুতি ম্যাচের হার থেকে নেওয়া শিক্ষা আফগানিস্তানের বিপক্ষে কাজে লাগানোর প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। অধিনায়কের সুরে সুর মিলিয়েছেন এনামুলও। ক্যানবেরায় ভরা গ্যালারির সামনে খেলার জন্য মুখিয়ে থাকার কথাও জানান ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১২ সালে অস্ট্রেলিয়া সফর করেছেন এনামুল। ২৭ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যানের তাই অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে ধারণা আছে।
মাশরাফির দলে আছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটার। ২৭ বছর বয়সী সাকিবের নামের পাশে রয়েছে প্রায় চার হাজার ওয়ানডে রান ও ১৮২ উইকেট। ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডারও সাকিব। এছাড়াও আছেন তামিম ইকবালের মতো মারকুটে ওপেনার। এনামুলও মানছেন তাদের কাছে দেশবাসীর চাওয়াটা এবার অনেক বেশি এবং ঠিক সময়ে সেরাটা দেয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি।
“ঠিক জায়গায় আমাদের পারফর্ম করা দরকার। আমাদের সাকিব আল হাসান আছে, তামিম ইকবাল আছে, আমাদের দলটার ভালো অভিজ্ঞতা আছে।”
