২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারিয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি চায় আফগানরা

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই অঘটন ঘটানোর স্বপ্ন দেখা আফগানিস্তান প্রস্তুতি ম্যাচে ভারতকে হারাতে চায়। আত্মবিশ্বাসী আফগানদের লক্ষ্যটা আরও সুদূরপ্রসারী; ভারতকে হারিয়ে আসলে তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি সারতে চাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 06:38 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

বাংলাদেশকে হারানোর সংকল্প আফগান অধিনায়কের

আগামী মঙ্গলবার অ্যাডিলেইডের ওভালে নিজেদের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েই স্বপ্নের পথে যাত্রা শুরু করতে চান আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি।

ভারতকে হারাতে প্রত্যয়ী নবি বলেন, “বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হতে, আশা করি, (ভারতের বিপক্ষে) ভালো খেলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আশা করি, আমরা ভারতকে হারাব।”

গত কয়েক মাসে নিজেদের দারুণ পারফরম্যান্সের কারণেই বিশ্বকাপে চমক দেখানোর আত্মবিশ্বাস পাচ্ছেন নবি।

“গত কয়েক মাসে ছেলেরা খুব ভালো প্রস্তুতি নিয়েছে এবং আমরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এবং আমরা তাদের হারিয়েছি। আমাদের বেশ ভালো প্রস্তুতি হয়েছে।”

ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতায় নতুন হলেও অভিষেকেই কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে আফগানিস্তান। আর সে লক্ষ্যে বাংলাদেশকে হারিয়েই স্বপ্নের পথে যাত্রা শুরু করতে চায় তারা। পরে স্কটল্যান্ডের বিপক্ষে জিতে এবং অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে কাউকে হারিয়ে শেষ আটের সম্ভাবনা উজ্জ্বল করতে চান আফগান অধিনায়ক।

বাংলাদেশকে হারানোর অভিজ্ঞতাও আছে আফগানিস্তানের। গত বছরের এশিয়া কাপে বাংলাদেশকে তাদেরই মাটিতে হারের লজ্জা দিয়েছিল নবি বাহিনী। সে সুখস্মৃতির পুনরাবৃত্তি করতে চায় দলটি। 

আগামী ১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে আফগানিস্তান।