বাংলাদেশকে হারানোর সংকল্প আফগান অধিনায়কের
লক্ষ্য মোটেই ছোট নয় আফগানিস্তানের। গ্রুপ পর্বের সীমানা ছাড়িয়ে দেশটির খেলোয়াড়রা শেষ আটের স্বপ্নও দেখছে। তবে তার আগে বাংলাদেশকে হারিয়ে অভিষেক বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চায় তারা।
'এ' গ্রুপে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের সঙ্গে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও স্কটল্যান্ড।
শনিবার অ্যাডিলেডে সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনার কথা বলতে গিয়ে প্রথম ম্যাচেই জয়ের লক্ষ্যের কথা জানান আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি।
"আমরা বিশ্বকাপে খুব ভালো করে সেরা পারফর্ম করার চেষ্টা করব। আশা করি, দ্বিতীয় পর্বে উঠব আমরা। যদি বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জিতি, তাহলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা রাখি।"
২০০৯ সালে আইসিসির সহযোগী সদস্য হওয়ার পর এখন পর্যন্ত মাত্র ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে বেশিরভাগ ম্যাচই তারা খেলেছে অন্য সহযোগী সদস্য স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও কেনিয়ার বিপক্ষে।
পাকিস্তানের সঙ্গে দুটি ওয়ানডে খেলে আফগানিস্তান। অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে একটি করে ম্যাচ খেলে তারা।
টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয় গত বছরের মার্চে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেই জয়টি ছিল ৩২ রানের। এরপর গত জুলাইয়ে জিম্বাবুয়েকে বুলাওয়েতে দুইবার হারায় তারা।
গত তিন মাস ধরে আফগানিস্তান দলের সদস্যরা এক সঙ্গেই আছে। সংযুক্ত আরব আমিরাত, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে ক্যাম্প করে তারা। এ ছাড়া ২০১৫ বিশ্বকাপের দল আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচও খেলছে আফগানিস্তান।
"বিশ্বকাপে খেলা ক্রিকেট ও জাতির জন্য বড় এক সুযোগ। আপনি যদি খবর দেখেন, খবরে সব জায়গায় শুধু যুদ্ধ। আফগানিস্তানের ক্রিকেট বিশ্বকাপে খেলার মতো ইতিবাচক খবর সম্পূর্ণভাবে দেশে ও বিশ্বে মানুষের মন পরিবর্তন করবে।"
ক্যানবেরায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি।
