লোয়ার-অর্ডারের ব্যর্থতা নিয়ে চিন্তিত নন সাঙ্গাকারা
বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড সফরে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে পুরানো একটি সমস্যা ফিরে আসে। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও শ্রীলঙ্কার নীচের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। তবে এ নিয়ে মোটেই চিন্তিত নন দেশটির সিনিয়র ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে জিবন মেন্ডিস, থিসারা পেরেরা, দিনেশ চান্দিমাল ও দিমুথ করুনারত্নে নীচের দিকে ব্যাট করেন। কিন্তু লোয়ার-মিডলঅর্ডারে এই সিরিজে সর্বোচ্চ স্কোর ছিল ২৬ রান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত প্রথম প্রস্তুতি ম্যাচে ৪৪.৪ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। তিলকারত্নে দিলশান ১০০ রান করেন। তিন নম্বরে নামা সাঙ্গাকারা করেন ৩১ রান। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম ব্যাটসম্যান করুনারত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস যথাক্রমে ৪৬ ও ৫৮ রান করেন।
এর পরের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেন জিবন মেন্ডিস, অপরাজিত ১৫। সাঙ্গাকারার বিশ্বাস, শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।
