দিলশানের শতকেও দক্ষিণ আফ্রিকার কাছে হার
তিলকারত্নে দিলশানের শতকেও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এড়াতে পারেনি শ্রীলঙ্কা। হাশিম আমলা ও কুইন্টন ডি ককের দৃঢ়তায় ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টি নামলে সেখানেই তাদের ইনিংসের সমাপ্তি হয়।
শুরুতেই লাহিরু থিরিমান্নেকে হারায় শ্রীলঙ্কা। তবে কুমার সাঙ্গাকারার সঙ্গে ৭৬, দিমুথ করুনারত্নের সঙ্গে ৭৪ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন দিলশান (১০০)। শতকে পৌঁছেই বিদায় নেয়া এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৮৩ বলের ইনিংসটি সাজানো ১৫টি চার ও ২টি ছক্কায়।
দিলশানের বিদায়ের পর দলকে এগিয়ে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। করুনারত্নের সঙ্গে ৬০ ও জিবন মেন্ডিসের সঙ্গে ৪৫ রানের দুটি ভালো জুটি গড়েন শ্রীলঙ্কার অধিনায়ক। ৪৭ বলে ৫৮ রান করা ম্যাথিউসের আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৭টি চার ও ১টি ছক্কায়।
৩৭ রানে ৩ উইকেট নিয়ে কাইল দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। ওয়েইন পার্নেল ২ উইকেট নেন ৪৪ রানে।
ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ২২৪ রান। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ১১৬ রান। এই সময়ে আবার বৃষ্টি নামলে তাদের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৮৮ রান। ২৪ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়েই এই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
বৃষ্টি থামার পর খেলা শুরু হলে জোড়া আঘাতে ডি কক (৬৬) ও আমলাকে (৪৬) আউট করে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়েছিলেন রঙ্গনা হেরাথ।
তবে ফাফ দু প্লেসি (১৯), জেপি ডুমিনি (১৭), রিলি রুশো (অপরাজিত ১৬), ভারনন ফিল্যান্ডাররা (অপরাজিত ১৩) তিন বল অব্যবহৃত রেখেই দক্ষিণ আফ্রিকাকে দারুণ জয় এনে দেন।
আগামী রোববার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। পর দিন জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
