মালিঙ্গার কাছে চাপ বলে কিছু নেই
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা লাসিথ মালিঙ্গা বিশ্বকাপ দিয়েই ক্রিকেটে ফিরতে পারেন। তবে এর জন্য কোনো চাপ অনুভব করছেন না শ্রীলঙ্কার এই ফাস্ট বোলার। আসলে তার অভিধানে চাপ বলে কিছু নেই বলে জানিয়েছেন তিনি।
গোড়ালি আর হাঁটুর চোট নিয়েই নিউ জিল্যান্ডে পা রাখেন মালিঙ্গা। গত বছরের সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে একটিও বল করেননি তিনি।
নিউ জিল্যান্ডে পা রেখে মালিঙ্গা জানান, এ নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
“আমি জানিই না, চাপের অর্থ কী। চাপ পরিস্থিতির সঙ্গে আমি সবসময়ই অভ্যস্ত। তাই আমি এমনকি জানিই না, চাপ নিয়ে কি কথা বলতে হয়।”
কোন কন্ডিশনে আর কি পরিস্থিতিতে বল করছেন বা করবেন, এটা নিয়েও নাকি কোনো চিন্তা নেই মালিঙ্গার।
“আমার পুরো ক্যারিয়ারে আমি কখনো ভাবিনি, কোথায় খেলছি বা কন্ডিশন কী। আমরা জানি, এখানে বাউন্সি (উইকেট) হবে, কিন্তু আমি সবসময় আমার স্কিলের ওপর বিশ্বাস রাখি।”
চোটের কারণে আসা জড়তা কাটিয়ে উঠতে দুটি প্রস্তুতি ম্যাচকে কাজে লাগাতে চান মালিঙ্গা।
বিশ্বকাপের আগে আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে শ্রীলঙ্কা।
১৪ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা।
