বিশ্বকাপে ক্লার্কই অস্ট্রেলিয়ার অধিনায়ক
চোটের কারণে মাঠের বাইরে থাকলেও মাইকেল ক্লার্ককে বিশ্বকাপের চূড়ান্ত দলে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তবে দলে জায়গা পাননি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করা স্পিনার ন্যাথান লায়ন।
ক্লার্ককে অধিনায়ক করে রোববার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ক্লার্ক। সম্প্রতি অস্ত্রোপচার করান তিনি। এই মুহূর্তে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
শেষ পর্যন্ত সেরে উঠলেও দেশের মাটিতে ১৪ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নাও খেলা হতে পারে ক্লার্কের। অস্ট্রেলিয়ার নির্বাচকরা তাকে পুরোপুরি সেরে ওঠার জন্য বাংলাদেশের বিপক্ষে ২১ ফেব্রুয়ারির ম্যাচ পর্যন্ত সময় দেন।
এই সময়ের মধ্যে সেরে উঠতে না পারলে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জর্জ বেইলি। ক্লার্কের সহকারী তাকেই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করলেও লায়নকে দলে নেননি অস্ট্রেলিয়ার নির্বাচকরা। সবশেষ ২০১২ সালে ওয়ানডে ক্রিকেট খেলা লায়নের পরিবর্তে জায়গা পান বাঁহাতি স্পিনার জাভিয়ের ডোহার্টি।
খুব বেশি উইকেট এনে দিতে না পারলেও ডোহার্টি হিসেবি বোলার হিসেবে বেশ পরিচিত।
অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অভিজ্ঞ মিচেল জনসনের সঙ্গে আছেন ২১ বছর বয়সী তরুণ প্যাট কামিন্স। এ ছাড়াও আছেন মিচেল স্ট্যার্ক ও জস হ্যাজলউড।
বিশ্বকাপের অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক) জর্জ বেইলি, প্যাট কামিন্স, জাভিয়ের ডোহার্টি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হ্যাডিন, জস হ্যাজলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্ট্যার্ক, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।
