২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌম্যর বোলিং ‘বোনাস’

ইমরুল কায়েস ও শামসুর রহমানের সঙ্গে লড়াই করে বিশ্বকাপ দলে সৌম্য সরকার সুযোগ পেয়েছেন তার বোলিংয়ের বিবেচনায়। তবে অলরাউন্ডার নয়, এই তরুণকে মূলত ব্যাটসম্যান হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 07:07 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাথুরুসিংহে সাংবাদিকদের বলেন, “সৌম্য রানে আছে। আমাকে বলা হয়েছে, সে এক থেকে সাত বা টপ অর্ডারে ব্যাট করতে পারে। সে বেশ জোরে বল করতে পারে। তবে আমরা তার ব্যাটিংয়ের দিকেই তাকিয়ে থাকবো। তার বোলিং হবে বোনাস।”

বাংলাদেশের কোচ জানান, সৌম্যর খুব ভালো দিন না গেলে কোনো ম্যাচেই তার ১০ ওভার বল করার সুযোগ নেই। মাত্র এক ওয়ানডে খেলা সৌম্যকে বল করতে পারে এমন ব্যাটিং অপশন হিসেবে ভাবছেন হাথুরুসিংহে।

বিশ্বকাপ দলের পেস আক্রমণ নিয়ে খুশি হাথুরুসিংহে। তার বিশ্বাস অস্ট্রেলিয়ায় ভালো করবে পেসাররা।

“কারো পেস আছে, কারো সুইং আছে। দলে যে ‘মিক্স আপ’ তাতে আমি খুশি। এটা লম্বা টুর্নামেন্ট হতে যাচ্ছে। ওদের ফিট রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়াও বিশ্বকাপ দলে আছেন রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ। সাফল্য পেতে অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রচুর খাটতে হবে বলেও শিষ্যদের সতর্ক করে দিয়েছেন হাথুরুসিংহে।

“অস্ট্রেলিয়ার কন্ডিশন পেসারদের জন্য খুব কঠিন। সেখানে ভালো করতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ওদের সুস্থ ও ফিট রাখা খুব জরুরি।”

রোববার দল ঘোষণার পর সৌম্যকে দলে নেওয়া ব্যাখ্যায় তার বিভিন্ন পজিশনে ব্যাট করার সামর্থ্যের সঙ্গে এই মুহূর্তে ভালো ফর্মে থাকা আর পেস বল করতে পারার যোগ্যতাকেই বড় করে দেখান ফারুক।

“সৌম্য কার্যকর খেলোয়াড়; দারুণ ফর্মে আছে সে। সে বোলিং করে। এক, দুই বা তিনে ব্যাটিং করতে পারে। টপঅর্ডারে আমরা এমন একজনকেই রাখতে চেয়েছি।”

অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের কন্ডিশন আর উইকেটও সৌম্যকে দলে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্বাচকদের প্রভাবিত করে।

একটা মাত্র ওয়ানডে খেলা সৌম্য আন্তর্জাতিক ম্যাচে বল করতে পারবে কিনা এ নিয়ে অবশ্য প্রশ্ন ওঠে। ফারুক এরও ব্যাখ্যা দেন।

“সে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে একটা, জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচে তেমন একটা সুযোগ হয়নি, কিন্তু সে রেগুলার নেটে বোলিং করে। ম্যাচেও যখন সুযোগ পায়, বল করে। কয়েকটা ম্যাচে ছয়-সাত ওভার বোলিং করেছে।”

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৪ ইনিংসে একটি শতক ও তিনটি অর্ধশতকসহ ৩৭ গড়ে ৫১৮ রান করেন সৌম্য। এছাড়া মিডিয়াম পেসে ছয়টি উইকেটও নেন তিনি।

পুরনো খবর:

টপঅর্ডারে শক্তি বাড়াতেই বিশ্বকাপ দলে সৌম্য