‘অনানুষ্ঠানিক পরীক্ষায়’ পার হতে পারেননি হাফিজ
অবৈধ বোলিং অ্যাকশন শুধরানোর অনানুষ্ঠানিক পরীক্ষায় পার হতে পারেননি পাকিস্তানের স্পিনার মোহাম্মদ হাফিজ।
ফলে বোলার হিসেবে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা প্রায় শেষই হয়ে গেল। তবে ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের পাকিস্তান দলে জায়গা পেতে পারেন তিনি।
আবু ধাবিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সবশেষ সিরিজের প্রথম টেস্টে আম্পায়াররা হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
গত ২৪ নভেম্বর লাফবরোতে তার বোলিং অ্যাকশন পরীক্ষার পর দেখা যায়, সব ধরণের ডেলিভারি করার সময় তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে হলে ফের হাফিজকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। এ কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ‘অনানুষ্ঠানিক টেস্টের’ জন্য চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাঠায়। কিন্তু সেখানেও হাফিজের বোলিংয়ে আগের ত্রুটি পাওয়া গেছে।
চেন্নাইয়ের পরীক্ষায় দেখা যায়, হাফিজের করা ১১টি ডেলিভারির মধ্যে ছয়টিতে তার কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়।
হাফিজের আগে পাকিস্তানের অন্যতম সেরা স্পিনার সাইদ আজমলকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিষেধাজ্ঞার কারণে ক’দিন আগে আজমল নিজেকে বিশ্বকাপের দল থেকে সরিয়ে নেন।
