ক্রিকেটে আজীবন নিষিদ্ধ রূপগঞ্জ মালিক বাদল
সাময়িকভাবে নিষিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আজীবনের জন্য নিষেধাজ্ঞার শাস্তি পেলেন লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। ‘আপত্তিকর’ মন্তব্য করে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি দেশে-বিদেশে ক্ষতিগ্রস্ত করায় বিসিবির অধীনস্ত কোনো ধরণের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।
মঙ্গলবার রাতে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবটির মালিকের পাশাপাশি দুই কর্মকর্তারও শাস্তির কথা জানানো হয়।
লেজেন্ডস অব রূপগঞ্জের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম টিটুকে ৫ বছর ও কর্মকর্তা সাব্বির আহমেদ রুবেলকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করে বিবিসি।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ও আম্পায়ার্স কমিটির সুপারিশ অনুযায়ী বিসিবির ডিসিপ্লিনারি কমিটির এই জরুরি সভার আয়োজন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজেন্ডস অব রুপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিসহ নির্বাচিত পর্ষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে অশালীন, আপত্তিকর মন্তব্য করেছেন এবং মিথ্যা-ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। এসব মন্তব্য দেশ ও বিদেশে বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাই বিসিবির অধীনস্ত সব ধরণের ক্রিকেট কার্যক্রম থেকে তাকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রূপগঞ্জের অন্য দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা ম্যাচ চলার সময় আম্পায়ারদের ভয়-ভীতি দেখিয়েছেন এবং অশালীন ও আপত্তিকর মন্তব্য করেছেন।
মঙ্গলবার বিসিবি ও এর কিছু কর্মকর্তাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জন্য দুঃখও প্রকাশ করেছিলেন বাদল। তবে রাতে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাকে সাময়িক নিষিদ্ধ করা হয়। আর বিসিবির ডিসিপ্লিনারি বোর্ডের সভা শেষে রাত সাড়ে ১১ টার পরে তাকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা এল।
সিসিডিএমের সভা শেষে সভাপতি আ জ ম নাসির সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিসি) ডিসিপ্লিনারি কমিটির কাছে বাদলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। বিসিবি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিষিদ্ধ থাকবেন বাদল ও টিটু।
লুৎফর রহমান বাদলের মন্তব্যের জের ধরে বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে আছে ক্রিকেটাঙ্গন। পরিস্থিতি ঠাণ্ডা করতে মঙ্গলবারই বিসিবি ও কিছু কর্মকর্তার বিরুদ্ধে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাদল জানান, গত বৃহস্পতিবার বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ শেষে তাৎক্ষণিক উত্তেজনায় আবেগপ্রবণ হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
“আমার সেই মন্তব্য ও প্রতিক্রিয়ায় ক্রিকেটাঙ্গনের কেউ যদি দুঃখ ও কষ্ট পেয়ে থাকেন তবে আমি আমার সেদিনের সেই আবেগপ্রবণ মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রূপগঞ্জের হারের পর বিসিবির বিরুদ্ধে ফুঁসে উঠে বাদল বলেছিলেন, “আর এরা তো সব চোরচোট্টা। আমি মনে করি, সব কটাই চোর।”
দুঃখ প্রকাশ করে বাদল আশা করছেন, এর মধ্য দিয়ে ক্রিকেটাঙ্গনে সব ধরনের উত্তেজনা ও ব্যক্তিকেন্দ্রিক বিদ্বেষের অবসান ঘটবে।
“নাজমুল হাসান বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক। আমার ক্রিকেট স্পিরিট তিনি অনুধাবন করতে পারবেন। আশা করি, আমার এই লিখিত বিবৃতির মধ্য দিয়ে সাম্প্রতিক সমস্যার সমাধানে তিনি ইতিবাচক ভূমিকা পালন করবেন। তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট সফলতা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে দুঃখ প্রকাশ করে একটি চিঠিও লিখেছেন বাদল।
এর আগে বিসিবি সভাপতি প্রসঙ্গে তিনি বলেছিলেন, “মুখে যত বড় কথাই বলুন, উনি নিজে এই ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত। ওনার কর্মচারী মল্লিককে (বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক) দিয়ে সব করানো হয়। সে-ই সূচি থেকে শুরু করে মাঠ, আম্পায়ার বোর্ডের সব কিছু করে।”
তার মন্তব্যের কঠোর সমালোচনা করে বিসিবি সভাপতি জানান, ক্রিকেটে কোনো বিষফোঁড়া রাখবেন না তিনি।
“অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই ভিন্ন কথা। কিন্তু তার অভিযোগ যদি প্রমাণ করতে না পারে, পরিণতি কি হবে আপনারা বুঝতেই পারছেন।”
এছাড়া বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক হিসেবে অভিহিত করেছিলেন বাদল। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গত সোমবার যৌথ সংবাদ সম্মেলন করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন।
বাদল ও তার দল লেজেন্ডস অব রূপগঞ্জকে নিষিদ্ধ করার দাবি করে সংস্থাগুলো। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় কিছু বহিরাগত লোক মিছিল করে ও তার শাস্তি করে ব্যানার লাগায়।
