লেজেন্ডস অব রূপগঞ্জকে বহিষ্কারের দাবি
লুৎফর রহমান বাদলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার দল লেজেন্ডস অব রূপগঞ্জকে বহিষ্কারের দাবি তুলেছে ক্রিকেট সংশ্লিষ্ট তিনটি সংস্থা।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাবস অ্যাসোসিয়েশন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন এক যৌথ সংবাদ সম্মেলনে রূপগঞ্জকে বহিষ্কারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তক্ষেপ নেয়ার আহ্বান জানায়।
বাদল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাবস অ্যাসোসিয়েশনের একজন সদস্য। তারাও ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিবৃতিতে বাদলকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানায়।
ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন আম্পায়ারিং নিয়ে বাদলের ‘অযাচিত’ মন্তব্যের বিচার দাবি করে।
তিনটি সংস্থার প্রতিনিধিদের দাবি, ক্রিকেটের স্বার্থে এক সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছেন তারা।
লেজেন্ডস অব রূপগঞ্জ দল না থাকলেও ক্রিকেটের বড় কোনো ক্ষতি হবে বলে মনে করেন না সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, “রূপগঞ্জকে ছাড়াও ক্রিকেট চলবে। তবে এটা রূপগঞ্জ, আবাহনী বা মোহামেডানের ব্যাপার নয়, যে অপরাধ করবে শাস্তি তাকে পেতেই হবে।”
গত বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রূপগঞ্জের হারের পর বাদল বিসিবির বিরুদ্ধে ফুঁসে উঠেন।
বিসিবি সম্পর্কে তিনি বলেন, “আর এরা তো সব চোরচোট্টা। আমি মনে করি, সব কটাই চোর।”
বিসিবি সভাপতি প্রসঙ্গে বাদল বলেন, “মুখে যত বড় কথাই বলুন, উনি নিজে এই ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত। ওনার কর্মচারী মল্লিককে (বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক) দিয়ে সব করানো হয়। সে-ই সূচি থেকে শুরু করে মাঠ, আম্পায়ার বোর্ডের সব কিছু করে।”
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক হিসেবে অভিহিত করেন বাদল।
