২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ হলেন রূপগঞ্জ মালিক বাদল

দুঃখ প্রকাশ করেও পার পেলেন না লেজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল। বিসিবি ও এর কিছু কর্মকর্তাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জের ধরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাকে সাময়িক নিষিদ্ধ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 09:00 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

পুরনো খবর:

লেজেন্ডস অব রূপগঞ্জকে বহিষ্কারের দাবি
অবশেষে লেজেন্ডস অব রূপগঞ্জ মালিকের দুঃখ প্রকাশ

মঙ্গলবার সিসিডিএমের সভায় সর্বসম্মতিক্রমে বাদলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম টিটুকেও একই শাস্তি দেয়া হয়েছে।

সভা শেষে সিসিডিএম সভাপতি আ জ ম নাসির সাংবাদিকদের জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিসি) ডিসিপ্লিনারি কমিটির কাছে বাদলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। বিসিবি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিষিদ্ধ থাকবেন বাদল ও টিটু।

লুৎফর রহমান বাদলের মন্তব্যের জের ধরে উত্তপ্ত হয়ে আছে ক্রিকেটাঙ্গন। পরিস্থিতি ঠাণ্ডা করতে মঙ্গলবারই বিসিবি ও কিছু কর্মকর্তার বিরুদ্ধে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে বাদল জানান, গত বৃহস্পতিবার বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ শেষে তাৎক্ষণিক উত্তেজনায় আবেগপ্রবণ হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

“আমার সেই মন্তব্য ও প্রতিক্রিয়ায় ক্রিকেটাঙ্গনের কেউ যদি দুঃখ ও কষ্ট পেয়ে থাকেন তবে আমি আমার সেদিনের সেই আবেগপ্রবণ মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রূপগঞ্জের হারের পর বিসিবির বিরুদ্ধে ফুঁসে উঠে বাদল বলেছিলেন, “আর এরা তো সব চোরচোট্টা। আমি মনে করি, সব কটাই চোর।”

দুঃখ প্রকাশ করে বাদল আশা করছেন, এর মধ্য দিয়ে ক্রিকেটাঙ্গনে সব ধরনের উত্তেজনা ও ব্যক্তিকেন্দ্রিক বিদ্বেষের অবসান ঘটবে।

“নাজমুল হাসান বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক। আমার ক্রিকেট স্পিরিট তিনি অনুধাবন করতে পারবেন। আশা করি, আমার এই লিখিত বিবৃতির মধ্য দিয়ে সাম্প্রতিক সমস্যার সমাধানে তিনি ইতিবাচক ভূমিকা পালন করবেন। তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট সফলতা পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে দুঃখ প্রকাশ করে একটি চিঠিও লিখেছেন বাদল।

এর আগে বিসিবি সভাপতি প্রসঙ্গে তিনি বলেছিলেন, “মুখে যত বড় কথাই বলুন, উনি নিজে এই ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত। ওনার কর্মচারী মল্লিককে (বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক) দিয়ে সব করানো হয়। সে-ই সূচি থেকে শুরু করে মাঠ, আম্পায়ার বোর্ডের সব কিছু করে।”

তার মন্তব্যের কঠোর সমালোচনা করে বিসিবি সভাপতি জানান, ক্রিকেটে কোনো বিষফোঁড়া রাখবেন না তিনি।

“অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই ভিন্ন কথা। কিন্তু তার অভিযোগ যদি প্রমাণ করতে না পারে, পরিণতি কি হবে আপনারা বুঝতেই পারছেন।”

এছাড়া বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক হিসেবে অভিহিত করেছিলেন বাদল। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গত সোমবার যৌথ সংবাদ সম্মেলন করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন।

বাদল ও তার দল লেজেন্ডস অব রূপগঞ্জকে নিষিদ্ধ করার দাবি করে সংস্থাগুলো। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় কিছু বহিরাগত লোক মিছিল করে ও তার শাস্তি করে ব্যানার লাগায়।

এর পর দিনই বিবৃতিতে বাদল বলেন, “আমার সেই মন্তব্যের পর দেশের ক্রিকেটাঙ্গনে সম্প্রতি বেশ কিছু বিবৃতি-পাল্টা বিবৃতি দেয়ার ঘটনা ঘটেছে, যা উভয় পক্ষের জন্যই সম্মানহানিকর। এসব মোটেও ক্রিকেটের স্পিরিটের সঙ্গে মানানসই নয়।”