২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বিবেচনাতেই ম্যাচে তিন পেসার

দুই পেসার নিয়ে নিয়মিতই খেলে বাংলাদেশ। কখনো কখনো এক পেসার নিয়ে খেলার উদাহরণও রয়েছে তাদের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে তারা খেলছে তিন পেসার নিয়ে। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, বিশ্বকাপের কম্বিনেশন খুঁজে বের করতেই এই চেষ্টা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 09:47 PM

Updated : 25 Apr 2022, 05:02 PM

জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচেই তিন জন করে পেসার নিয়ে খেলে বাংলাদেশ। মাশরাফি জানান, তিন পেসার নিয়ে খেলে ‘কম্বিনেশন’ গড়া খুব কঠিন হয়ে যায় তাদের জন্য।

“তিন পেসার নিয়ে কেউই খেলতে চায় না। তবে বিশ্বকাপে যে কন্ডিশনে খেলবো তাতে প্রতি ম্যাচেই তার দরকার হতে পারে। তিন জন পেসার খেলিয়ে আমরা কিভাবে কম্বিনেশনটা তৈরি করতে পারি এবং কারা কেমন করবে সেটাই এবার দেখা হচ্ছে।”

প্রথম ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি পেসাররা। পরের ম্যাচে ভালো করার পর পরের দুই ম্যাচেও ক্রমশ উন্নতির ধারাবাহিকতা ধরে রাখেন তারা।

“শেষ দুই ম্যাচে পেসাররা খুব ভালো বল করেছে। রুবেল (হোসেন) তো খুবই ভালো বল করেছে। আবুল হাসানও তার প্রথম ম্যাচে খারাপ করেনি। আশা করি, সামনে ওরা আরো ভালো করবে।”

অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বিশ্বকাপ হবে বলে পেস অলরাউন্ডার খুঁজছে বাংলাদেশ। ফরহাদ রেজা, জিয়াউর রহমান অথবা মুক্তার আলীকে না নিয়ে শেষ ওয়ানডের জন্য সৌম্য সরকারকে দলে নেয়ায় অবাক হয়েছেন অনেকেই।

দলে আসা তরুণ অলরাউন্ডার অবশ্য পাশেই পাচ্ছেন অধিনায়ককে।

মাশরাফি বলেন, “সৌম্য ভালো করছে। বোলিংয়ের দিক থেকে সৌম্যকে আমার খুব কার্যকর মনে হয়। ওর সবচেয়ে বড় শক্তির দিক একই জায়গায় বল করে যেতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো সৌম্যর পেস নেই কিন্তু সে জায়গায় বল করতে পারে।”

মাশরাফির বিশ্বাস, সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারবেন সৌম্য। তবে এক ম্যাচ দেখেই কাউকে বিচার করতে চান না অধিনায়ক।

“জিয়া ও ফরহাদ রেজা আসলে অনেক দিন খেলেছে। ওরা অনেক অভিজ্ঞ। আমি মনে করি, সবাই সমান। কিন্তু এখান থেকে যে কোনো একজনকে তো বেছে নিতেই হবে।”