২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির বীরত্বে ভারতের জয়

দুই দলের অধিনায়কই অপরাজিত শতক হাঁকালেন, রানও করলেন সমান। কিন্তু দিন শেষে ভারতকে নাটকীয় এক জয় এনে দিয়ে বীরদর্পে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। আর পাঁচ ম্যাচের সিরিজের সব ওয়ানডেতেই হারের লজ্জায় পড়তে হলো শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 11:15 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক ম্যাথিউসের ১৩৯ রানে ভর করে আট উইকেটে হারিয়ে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে আট বল বাকি থাকতেই দলকে লক্ষ্যে পৌঁছে দেন কোহলি। ভারতের অধিনায়কও করেন ১৩৯ রান।

নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম পাঁচ ওয়ানডের সিরিজে ৫-০ ব্যবধানে হারলো ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রথম চার ম্যাচেই বড় ব্যবধানে হারা অতিথি দলটির রোববার লক্ষ্য ছিল একটাই, হোয়াইটওয়াশ এড়িয়ে সান্ত্বনার জয় পাওয়া। তবে সে লক্ষ্যে তাদের শুরুটা ভালো ছিল না। ৮৫ রানের মধ্যে প্রথম সারির চার ব্যাটসম্যানকে হারায় তারা।

তারপর লাহিরু থিরিমান্নেকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ম্যাথিউস। পঞ্চম উইকেটে ১২৮ রান যোগ করেন তারা।

দলীয় ২১৩ রানে ৫২ রান করা থিরিমান্নে আউট হয়ে যাওয়ার পর বলতে গেলে একার নৈপুণ্যে দলকে তিনশ’র কাছাকাছি নিয়ে যান ম্যাথিউস। শেষ পাঁচ ওভারে ৭৩ রান করে শ্রীলঙ্কা, তার মধ্যে মাত্র ছয় রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে। ম্যাথিউসের ক্যারিয়ারের এটা প্রথম শতক। তার ১১৬ বলের এই ইনিংসে আছে বেশ কিছু অনন্য কীর্তিও। শ্রীলঙ্কার ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার কৃতিত্ব গড়েছেন ম্যাথিউস। ৬টি চারের পাশে ১০টি ছক্কা মারেন তিনি, ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১১টি ছক্কার রেকর্ড গড়েছিলেন সানাথ জয়াসুরিয়া। ভারতের মাটিতে খেলতে আসা অতিথি দলগুলোর অধিনায়কদের মধ্যে ম্যাথিউসের ইনিংসটি তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রিউ স্ট্রাউস; ২০১১ সালে ব্যাঙ্গালোরে স্বাগতিকদের বিপক্ষে ১৫৮ রান করেছিলেন তিনি। আর এই বছর ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় শীর্ষে উঠে গেছেন ম্যাথিউস; ২৫ ম্যাচে ৭০.৮০ গড়ে তার মোট রান এক হাজার ৬২। আট রান কম নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন কোহলি। প্রতিপক্ষকে তিনশ’র নীচে বেধে রাখতে ৫৭ রানে তিন উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ধাওয়াল কুলকার্নি। জবাবে ১৪ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে শুরুটা একদমই ভালো হয়নি স্বাগতিকদের। গত ম্যাচে ২৬৪ রানের বিশ্ব রেকর্ড গড়া রোহিত শর্মা ৯ রান করে ফিরে যান। তবে আম্বাতি রাইডুর সঙ্গে তৃতীয় উইকেটে ১৩৬ রানের জুটি গড়ে জয়ের আশা ধরে রাখেন কোহলি। দলকে ১৫০ রানে রেখে ৫৯ রান করা রাইডু ফিরে গেলেও হার মানেননি কোহলি। ৪৮.৪ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ওয়ানডেতে কোহলির এটা ২১তম শতক। ১২৬ বলের ইনিংসটি খেলতে ১২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। ক্রিকেটের সব ধরণের ফরম্যাট মিলে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের এটা শততম জয়। শ্রীলঙ্কার পক্ষে ৭৩ রানে চার উইকেট নেন অজন্তা মেন্ডিস। দলকে জেতাতে না পারলেও ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ম্যাথিউস। ৩৩ রানে দুই উইকেটও শিকার করেন তিনি। আর সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন কোহলি। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৬/৮ (দিকওয়েলা ৪, দিলশান ৩৫, চান্দিমাল ৫, জয়াবর্ধনে ৩২, ম্যাথিউস ১৩৯*, থিরিমান্নে ৫২, পেরেরা ৬, প্রসন্ন ০, মেন্ডিস ০; কুলকার্নি ৩/৫৭, প্যাটেল ২/৪৫, অশ্বিন ২/৫৬, বিনি ১/২৮) ভারত: ৪৮.৪ ওভারে ২৮৮/৭ (রাহানে ২, রোহিত ৯, রাইডু ৫৯, কোহিল ১৩৯*, উথাপ্পা ১৯, যাদব ২০, বিনি ১২, অশ্বিন ০, প্যাটেল ১৭*; মেন্ডিস ৪/৭৩, ম্যাথিউস ২/৩৩)
ম্যাচ সেরা:
অ্যাঞ্জেলো ম্যাথিউস সিরিজ সেরা: বিরাট কোহলি