বোলারদের দাপটে আবাহনীর টানা দ্বিতীয় জয়
বোলারদের দাপটে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে তাদের সহজ জয়ে ৯৮ রান করা লিটন দাসের অবদানও কম নয়।
শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলায় ৮ উইকেটে জেতে আবাহনী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে ১৪৭ রানে অলআউট হয়ে যায় প্রাইম দোলেশ্বর।
সর্বোচ্চ ৪১ রান করেন আট নম্বরে নামা হাবিবুর রহমান। এছাড়া ডেভিড মালান ২৭ রান করেন। আর কেউ ভালো করতে না পারায় লড়াই করার মতো পুঁজি গড়তে পারেনি প্রাইম দোলেশ্বর।
২২ রানে ৩ উইকেট নিয়ে আবাহনীর সফলতম বোলার নাজমুল অপু। এছাড়া দুটি করে উইকেট নেন আল-আমিন, জিয়াউর রহমান ও শুভাশীষ রায়।
জবাবে ৩৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
দলকে সহজ জয় এনে দিলেও মাত্র দুই রানের জন্য শতক বঞ্চিত হওয়ার হতাশা নিয়ে ফিরেন লিটন। ইলিয়াস সানির বলে হাবিবুরের ক্যাচে পরিণত হওয়ার আগে ৯৮ রান করেন তিনি। তার ১১১ বলের ইনিংসটি ১৪টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।
এই রান করার পথে আব্দুল মজিদের সঙ্গে ৯৮ ও বান্দারে রাজাপাকসের সঙ্গে ৪৬ রানের দুটি চমৎকার জুটি উপহার দেন লিটন।
৪০ রানে ২ উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বরের সেরা বোলার অধিনায়ক সানি।
