দু প্লেসির শতকে ফাইনালে দ. আফ্রিকা
ফাফ দু প্লেসির শতকে জিম্বাবুয়েকে সহজেই ৬৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে শনিবারের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হয়েছে দেশটি।
বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭২ রান করে দক্ষিণ আফ্রিকা।
২৬ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বিদায় নিলেও দক্ষিণ আফ্রিকাকে লড়াই করার মতো পুঁজি এনে দেন ম্যাচ সেরা ফাফ দু প্লেসি। ১৪০ বলে ৪টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে তিনি খেলেন ১২১ রানের চমৎকার এক ইনিংস।
দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান আসে জেপি ডুমিনির ব্যাট থেকে।
জবাবে ৪৭ ওভার ২ বলে ২০৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
ফাইনালে যেতে হলে ২৫ ওভার ১ বলের মধ্যে জিততে হত দলটিকে। কিন্তু প্রায় অসম্ভব সেই লক্ষ্যের দিকে ছুটতে পারেনি তারা।
ব্রেন্ডন টেইলরের ৭৯ রানের সৌজন্যে কোনোমতে দুইশ’ পার হয় আগের ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দেয়া জিম্বাবুয়ে।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার ডুমিনি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৭১/৬ (ডি কক ২, আমলা ১৪, দু প্লেসি ১২১, রুশো ৩৬, ডি ভিলিয়ার্স ১৬, ডুমিনি ৫১, মিলার ১০*, পার্নেল ১০*; মাদজিভা ২/৫৩, চাটারা ১/৩১, উইলিয়ামস ১/৩৮, নিউম্বু ১/৫৩)
জিম্বাবুয়ে: ৪৭.২ ওভারে ২০৮ (সিবান্দা ১১, সিকান্দার ২৯, মাসাকাদজা ২৬, টেইলর ৭৯, উইলিয়ামস ৩, চিগুম্বুরা ১৩, ওয়ালার ১৭, উতসেয়া ০, মাদজিভা ৩, চাটারা ১০*, নিউম্বু ৪; ডুমিনি ৩/৩৫, রুশো ১/১৭, স্টেইন ১/২৪, ফাঙ্গিসো ১/৩৮, পার্নেল ১/৩৯, মর্কেল ১/৪১)
