ভারতকে বিশ্বকাপের দাবিদার ভাবছেন শচীন
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা মহেন্দ্র সিং ধোনির দলটিকেই আগামী বিশ্বকাপ শিরোপার দাবিদার বলে মনে করছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
ভারতের দৈনিক হিন্দুকে ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বলেন, “অবশ্যই যারা বিশ্বকাপের জোর দাবিদার, তাদের মধ্যে ভারত একটি। দলটির ব্যাটিং গভীরতা এবং বৈচিত্রময় বোলিং আছে। আর ফিল্ডিংটাও অসাধারণ হয়েছে।”
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হারে ভারত। এরপরই ধোনির দলের ব্যাটসম্যান ও বোলারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠে।
তবে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় ভারত। এরই মধ্যে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ধোনির দল।
ইংল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজে উত্তরসুরিদের পারফরম্যান্সে তাই আশাবাদী হয়ে উঠছেন শচীন।
“যদি আপনি ব্যাটিং লাইনআপে তাকান, দেখবেন (ভারত দলে) ডানহাতি-বাঁ হাতির ভালো মিশেল আছে। যখন ডান-বাম জুটি উইকেটে থাকে, তখন প্রতিপক্ষ বোলারেরর জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায়। তাদেরকে বোলিংয়ের সঠিক লাইন খুঁজতে হয়।”
“বোলিং বিভাগে ভারতের বোলাররা জুটি হিসেবে ভালো করেছে। ইনিংসের বিভিন্ন পর্যায়ের জন্য ভালো পেস ও স্পিন বোলারও আছে”, যোগ করেন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক।
২০১১ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় করে ভারত। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মাঠে হবে বিশ্বকাপের পরের আসর।
