আজহারউদ্দিনকে ছাড়িয়ে ধোনির রেকর্ড
মোহাম্মদ আজহারউদ্দিনকে ছাড়িয়ে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে জয়ের রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি।
বার্মিংহ্যামের এজবাস্টনে মঙ্গলবার ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এই রেকর্ড গড়েন ধোনি। ধোনির অধীনে ভারতের এটা ৯১তম ওয়ানডে জয়।
আজহারউদ্দিনের অধীনে ১৭৪ ম্যাচে ৯০টি জয় পেয়েছিল ভারত। আর ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেটি ছিল অধিনায়ক ধোনির ১৬১তম ওয়ানডে।
অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি জয়ের বিশ্ব রেকর্ডটি রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক তার দলকে ১৬৫টি ম্যাচে জয় এনে দিয়েছিলেন। অধিনায়ক হিসেবে ১০০-এর বেশি ওয়ানডে জেতা অধিনায়ক আর একজনই আছেন-অস্ট্রেলিয়ার অ্যাল্যান বর্ডার।
হতাশাজনক একটি টেস্ট সিরিজ শেষ করার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় ধোনির ভারত। প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা তিন ম্যাচ জিতে পাঁচ ওয়ানডের সিরিজটা ৩-০ ব্যবধানে জিতেছে তারা।
