রুমানার শতকে মোহামেডানের শিরোপা
রুমানা আহমেদের শতকে মেট্রোপলিটন মহিলা ক্রিকেট লিগের শিরোপা জিতেছে মোহামেডান। ফাইনালে আবাহনীকে ৭৭ রানে হারিয়েছে তারা।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৭ উইকেটে ২০৪ রান করে মোহামেডান।
মোহামেডানের সংগ্রহ দুইশ’ পার হয় রুমানার সৌজন্যে। ফাইনালের এই সেরা খেলোয়াড়ের ব্যাট থেকে আসে ১০০ রান। তার ৯১ বলের ইনিংসটি ১৫টি চার সমৃদ্ধ।
দশম ওভারে মাঠে নামা রুমানার আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ১৫ ওভারে ৯৯ রান সংগ্রহ করে মোহামেডান।
দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করা তাজিয়া আক্তারের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৮১ রানে জুটি গড়েন রুমানা।
আবাহনীর পক্ষে জাহানারা আলম ৩ উইকেট নেন ৩৪ রানে।
জবাবে ৪০ ওভারে ৭ উইকেটে ১২৭ রানে থেমে যায় আবাহনীর ইনিংস।
সর্বোচ্চ ৫৪ রান করেন লতা মণ্ডল। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে শারমীন আক্তার ব্যাট থেকে। এছাড়া আর কেউ ভালো করতে না পারায় লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি আবাহনী।
মোহামেডানের পক্ষে সালমা খাতুন ও ইতি মণ্ডল নেন তিনটি করে উইকেট।
