১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রুতুরাজকে ছাড়িয়ে ইংলিশ ব্যাটসম্যানের রেকর্ড

লিস্ট 'এ' ক্রিকেটে কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি গড় এখন জেইক লিবির।

রুতুরাজকে ছাড়িয়ে ইংলিশ ব্যাটসম্যানের রেকর্ড
জেইক লিবি। ছবি: উস্টারশায়ারের ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 09:24 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

ইংল্যান্ডের লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ওয়ানডে কাপের চলতি আসরে শুরুর ব্যর্থতা পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন জেইক লিবি। প্রথম তিন ম্যাচে কিছুই করতে না পারা ইংলিশ ব্যাটসম্যান পরের তিনটিতেই খেলেছেন ঠিক ১০৯ রানের ইনিংস; এর দুটিতে তিনি অপরাজিত। আর তাতে এই সংস্করণের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন উস্টারশায়ারের অধিনায়ক।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৩ ইনিংসে ব্যাটিং করা লিবির গড় এখন ৬১.৪। এই সংস্করণে কমপক্ষে ৫০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে যা সর্বোচ্চ। এতদিন রেকর্ডটি ছিল ভারতের রুতুরাজ গায়কোয়াড়ের। এখন পর্যন্ত ১০০ ইনিংস খেলা ডানহাতি ব্যাটসম্যানের গড় ৫৮.৬১।

এই তালিকায় এখন তৃতীয় স্থানে আরেক ইংলিশ ব্যাটসম্যান স্যাম হেইন, ৬৩ ইনিংসে তার গড় ৫৮.১৮। অস্ট্রেলিয়ান গ্রেট মাইকেল বেভানের গড় ৫৭.৮৬, ইনিংস ৩৮৪টি। আর ৩৩৭ ইনিংস ব্যাটিং করা ভারতের ভিরাট কোহলির গড় ৫৭.৮০।

৩৩ বছর বয়সী লিবি এবারের ওয়ানডে কাপের প্রথম তিন ম্যাচে করেন যথাক্রমে ২, ২৫ ও ১২ রান। মিডলসেক্সের বিপক্ষে অপরাজিত ১০৯ রানের ইনিংসটি দিয়ে তার ঘুরে দাঁড়ানোর শুরু। সেদিন রান তাড়ায় ১১৪ বলের ইনিংসে দুটি ছক্কা ও সাতটি চার মেরেছিলেন তিনি। ম্যাচটি ৪ উইকেটে জিতেছিল উস্টারশায়ার।

পরের ম্যাচেও সেঞ্চুরির দেখা পান লিবি। কিন্তু এবার আর দলকে জেতাতে পারেননি তিনি। এসেক্সের বিপক্ষে দুটি ছক্কা ও ১৩টি চারে ১০৯ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।

সাসেক্সের বিপক্ষে শুক্রবার ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় ফের দলকে জিতিয়ে ফেরেন লিবি। এবার ৯৬ বলের ইনিংসটি সাজান তিনি একটি ছক্কা ও সাতটি চারে। 

৫৬ লিস্ট ‘এ’ ম্যাচে এনিয়ে ষষ্ঠ সেঞ্চুরি করলেন লিবি। সঙ্গে ১৮ ফিফটিতে এই সংস্করণে তার রান এখন ২ হাজার ৪৫৬।