উইন্ডিজে সাফল্যের আত্মবিশ্বাস মাশরাফির
চলতি বছরটি মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে দুটি ম্যাচ ছাড়া আর কোনো জয় নেই মুশফিকুর রহিমের দলের। তবে অভিজ্ঞ পেসার মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, ওয়েস্ট ইন্ডিজ সফরে এবারও সাফল্য পাবেন তারা।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি বলেন, "আশা করছি বাজে সময় পেছনে ফেলতে পারবো। ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে ভালো খেলছে। আমাদের গত সাত মাসের অভিজ্ঞতা ভালো নয়। আশা করি, আমরা ওখানে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলব, গত সাত মাসে যেটা পরিনি।"
বৃহস্পতিবার সাদা পোষাক ও লাল বলে প্রস্তুতি ম্যাচ খেলে প্রস্তুতি শিবিরে থাকা ক্রিকেটাররা। মাশরাফি মনে করেন, সবার ঐকান্তিকতা ধরে রাখার জন্য প্রস্তুতি ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ছিল।
"কারণ, শরীরী ভাষা টেস্ট ক্রিকেটে একটা বড় ব্যাপার। আমার মনে হয়, ফিল্ডিংয়ে সবাই খুব পরিশ্রম করেছে। জুটি হওয়ার পরও মানসিক ও শারীরিক ভাবে যাতে 'ডাউন' না হয়ে যায়, এই জিনিসটা লক্ষ্য রেখেছে। বোলাররা চেষ্টা করেছে ভালো জায়গায় বল করার, বা নতুন কিছু শেখার। আর ব্যাটসম্যানরা চেষ্টা করেছে উইকেট টিকে থেকে রান করার।"
জয়-পরাজয় নয় প্রস্তুতি ম্যাচে অনুশীলনই গুরুত্বপূর্ণ ছিল বলে জানান মাশরাফি।
"আসলে আমরা তো অনুশীলন করছি। যারা মূলত টেস্ট খেলবে, তাদের বেশি করে বোলিং করানো হয়েছে। আমার মনে হয়, ব্যাটসম্যানদের জন্য ভাল অনুশীলন হয়েছে। সেই সাথে বোলাররাও বুঝতে পারছে, কোন লেন্থে বল করতে হবে। উইকেট মন্থর থাকলে বা উইকেটে সুইং থাকলে একটু ওপরে বোলিং করতে হবে। এই জিনিসগুলো হয়তো বা সবার জন্য নিতে সহজ হয়েছে।"
ঘুরে দাঁড়াতে বাংলাদেশ দলের চেষ্টার কমতি নেই বলে জানান মাশরাফি।
"আমরা অনুশীলনে তীব্রতা বাড়াতে পারি। আমাদের কোচও শুরু থেকে এটা করতে চাচ্ছে, খেলোয়াড়রাও তা অনুভব করছে।।"
২০০৯ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে জেতার পর ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেবার স্পিন সহায়ক উইকেটে খেলা হয়েছিল। এবারো সহায়ক উইকেট পাওয়ার প্রত্যাশা মাশরাফির।
"ওয়েস্ট ইন্ডিজের উইকেট অনেকটা বাংলাদেশের উইকেটের মতোই হয়ে গেছে। বিশেষ করে ওয়ানডে, টি-টোয়েন্টি মন্থর উইকেটেই হবে শুনেছি।"
