২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমে আস্থা মাশরাফির

ছন্দ হারিয়ে ফেলা দেশ সেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ওপরই আস্থা রাখছেন মাশরাফি বিন মুর্তজা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 08:53 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

সব ধরণের ক্রিকেটে শেষ ১০ ইনিংসে মাত্র দুবার দুই অঙ্কে পৌঁছান তামিম। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সবুজ দলের বিপক্ষে ১০২ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি।

প্রস্তুতি ম্যাচ শেষে দেশসেরা পেসার মাশরাফি জানান, ভারত সিরিজের পর থেকে নিজে নিজেই অনুশীলন করছিলেন তামিম।

"আশা করি, এবার তার ফর্মটা ফিরে আসবে। আজ খুব ভাল ব্যাটিং করেছে, যদিও একটু অন্যরকম ভাবে ব্যাটিং করেছে। একটু সময় নিয়ে 'সেট' হয়ে ব্যাটিং করার চেষ্টা করেছে। এটাই স্বাভাবিক, একজন খেলোয়াড় সব সময় সমানভাবে খেলতে পারে না।"

স্বাভাবসিদ্ধ মারকুটে ব্যাটিং করেননি তামিম। উইকেটে পড়ে থেকে দেখেশুনে খেলার দিকেই মনোযোগী ছিলেন তিনি। তার এই প্রচেষ্টায় মুগ্ধ মাশরাফি।

"ফর্ম খারাপ গেলে নিজেকে পরিবর্তন করে উইকেটে একটু সময় দিয়ে রান করার দিকে মনোযোগ দিতে হয়। আজ অনেক সময় নিয়ে ব্যাটিং করেছে। ১০০ বলের বেশি সে ব্যাটিং করেছে আর বোলারদের কোনো সুযোগ দেয়নি। সে চেষ্টা করছে বাজে সময় পেছনে ফেলার।"