২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের ভালো প্রস্তুতি

প্রস্তুতি ম্যাচে রানে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। রান পেয়েছেন শামসুর রহমান, নাসির হোসেন, মুমিনুল হক ও মার্শাল আইয়ুবরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 08:35 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

জয়-পরাজয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল না বৃহস্পতিবারের এই ম্যাচে। তাই লাল দলের দেয়া লক্ষ্য সবুজ দল ছোঁয়ার পরও ম্যাচ শেষ হয়নি। উইকেটে থিতু হওয়া ব্যাটসম্যানরা অবসর নিলে নতুন ব্যাটসম্যানরা মাঠে আসেন।

সাদা পোষাক আর লাল বলের ৬০ ওভারের এই ম্যাচে বোলারদের লম্বা স্পেলে বল করার সুযোগ দেন দুই অধিনায়ক।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে লাল দল। দুইবার বৃষ্টির বাধায় পড়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৫৪ ওভারে।

মাত্র ১ উইকেট হারিয়ে ১৬৭ রান করে মুশফিকুর রহিমের লাল দল।

সপ্তম ওভারেই এনামুল হককে (২) বিদায় করে দলকে সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ।

দ্বিতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ভালো একটি জুটি উপহার দেন তামিম। ছন্দে ফেরার লড়াইয়ে থাকা তামিমের ব্যাট থেকে আসে ৪৪ রান। আর মুমিনুল খেলেন ৪৩ রানের এক ইনিংস।

এই দুই ব্যাটসম্যান অবসর নেয়ার পর মাঠে নামেন মুশফিক ও সাব্বির রহমান। দেখে-শুনে খেলা এই দুই ব্যাটসম্যানও বোলারদের কোনো সুযোগ দেননি। মুশফিক ৩৩ ও সাব্বির ২৯ রানে অপরাজিত থাকেন।

লাল দলের ব্যাটসম্যানরা এক-দুই রান নিয়ে ইনিংস নির্মাণের দিকেই বেশি মনোযোগী ছিলেন। তাদের ব্যাট থেকে আসে ১৯টি চার। প্রান্ত বদল করে ৭৫ রান সংগ্রহ করেন তারা।

জবাবে ৩১ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফির সবুজ দল। তবে ৪৮ পর্যন্ত ব্যাট করে ৩ উইকেটে ২৪৩ রান করে তারা।

দ্বিতীয় বলেই ইমরুল কায়েসকে বোল্ড করে দলকে সাফল্য এনে দেন পেসার আল-আমিন হোসেন। তবে তার কোনো প্রভাবই পড়তে দেননি শামসুর ও মার্শাল।

অবসর নেয়ার আগে অর্ধশতকে পৌঁছান শামসুর। ৬১ বলে ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৪ রান করেন তিনি। তার সঙ্গেই ক্রিজ ছাড়া মার্শাল অপরাজিত থাকেন ৪০ রানে।

এরপর শুভাগত হোম চৌধুরী দ্রুত ফিরলেও সুযোগ কাজে লাগাতে ভুল করেননি নাসির, মোহাম্মদ মিঠুনরা। ৫৩ রানে অপরাজিত থাকেন ছন্দে ফেরার লড়াইয়ে থাকা নাসির। আর মিঠুনের ব্যাট থেকে আসে ৪০ রান।

লাল দলের পক্ষে আল-আমিন ৫০ রানে নেন ২ উইকেট।

সবুজ দলের ব্যাটসম্যানরা চার-ছক্কা হাঁকানোর দিকেই বেশি মনোযোগী ছিলেন। তাদের ব্যাট থেকে আসে ৩৮টি চার ও ৬টি ছক্কা। প্রান্ত বদল করে মাত্র ৪২ রান সংগ্রহ করেন তারা।