স্পিন নির্ভরতা কমাতে চান স্ট্রিক
স্পিন নির্ভরতা কমাতে চান বাংলাদেশের নতুন বোলিং কোচ হিথ স্ট্রিক। পাশাপাশি নতুন প্রতিভা খোঁজা ও তাদের বিকশিত করায় অবদান রাখতে চান জিম্বাবুয়ের সাবেক এই অলরাউন্ডার।
জিম্বাবুয়ের সাবেক এই পেসারের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বাংলাদেশে আসেন স্ট্রিক। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো তিনি কাজ করেছেন শিষ্যদের সঙ্গে।
“পেসারদের সঙ্গে কাজ করতে চাই যারা এদেশের ক্রিকেটকে এগিয়ে নেবে। আমাকে তাদের সম্পর্কে আরো জানতে হবে। কারো কারো ব্যাপারে কিছু ধারণা আছে। তবে এখন ওদের আরো ভালোভাবে জানবো। ওদের সঙ্গে খেলার মানসিক দিক সম্পর্কে কাজ করতে চাই”, যোগ করেন জিম্বাবুয়ের হয়ে ৬৫ টেস্টে ২৮.১৪ গড়ে ২১৬ উইকেট পাওয়া স্ট্রিক।
অবশ্য রাতারাতি কোনো উন্নতি আশা করছেন না স্ট্রিক।
“এটা সময়সাপেক্ষ ব্যাপার। আশা করি, বিশ্বকাপের আগে আমরা বোলারদের মধ্যে কিছুটা ধারাবাহিকতা দেখতে পাবো।”
হিথ স্ট্রিকের সঙ্গে কথা বলছেন মুশফিকুর রহিম।
“টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা দেখেছি ভালো উইকেট সম্ভব। এটা দেখিয়েছে, পেস বোলারদের জন্য সহায়ক উইকেট সম্ভব।”
শুধু জাতীয় দলের বোলিং কোচ নন স্ট্রিক। জাতীয় বোলিং কোচ হিসেবে নতুন প্রতিভা অন্বেষণ ও ওদের তাদের বিকশিত করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
“আমাকে চন্দিকার (হাথুরুসিংহে) সঙ্গে কাজ করতে হবে এবং ভবিষ্যতের পেসারদের চিহ্নিত করতে হবে। চেষ্টা করবো বিসিবির সঙ্গে আলোচনা করে ওদের বিদেশে পাঠানোর। এতে শুরুতেই বিদেশের কন্ডিশনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে তারা।”
তরুণ পেসারদের সঙ্গে কাজ করার সম্ভাবনায় রোমাঞ্চিত স্ট্রিক।
“কিছু তরুণ এগিয়ে আসছে। আমি ওদের সঙ্গে কাজ করতে সাগ্রহে অপেক্ষা করছি। ওদের উন্নতির জন্য এখন থেকে কাজ করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেয়ার জন্য ওরা শারীরিকভাবে প্রস্তুত কি না তা দেখতে হবে। আমাদের কাজের এটা গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র।”
পেসার সাজেদুল ইসলাম ও অলরাউন্ডার সৌম্য সরকারের সঙ্গে হিথ স্ট্রিক
“ক্রিকেট একটি আন্তর্জাতিক ভাষা। আমি ওদের বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করবো। ওদের কিছুটা করে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই স্থানীয় কেউ থাকবে যারা বার্তা বোঝানোয় সহয়তা করবে।”
প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের সঙ্গে কাজ করতে সাগ্রহে অপেক্ষা করছেন জানিয়ে স্ট্রিক বলেন, “আমাকে নিশ্চিত করতে হবে আমার আর ওর কোচিং দর্শন এক সঙ্গে এগুবে। শুধু খেলোয়াড়দের ভালো দল হলে হবে না, কোচদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
খেলোয়াড় হিসেবে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন। জিম্বাবুয়ের বোলিং কোচ হিসেবেও বাংলাদেশকে কাছ থেকে দেখেছেন স্ট্রিক।
“খেলোয়াড় ও কোচ হিসেবে আমি এখানে এসেছিলাম। ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা নিয়ে আমি জানি। বাংলাদেশ ক্রমশ উন্নতি করেছে আর এটি অনেক সম্ভাবনাময় একটি জায়গা।”
