২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডেও ভিনসেন্টের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লু ভিনসেন্ট ও পাকিস্তানের নাভিদ আরিফের বিরুদ্ধে কাউন্টি ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দু জনেই সাসেক্সের সাবেক ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 11:01 AM

Updated : 25 Apr 2022, 04:13 PM

ভিনসেন্টের বিরুদ্ধে ১৪টি অভিযোগ এনেছে ইসিবি। অভিযোগগুলো ২০১১ সালের অগাস্টে সাসেক্সের ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে টি-টোয়েন্টি ও কেন্টের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচের সঙ্গে সম্পর্কিত।

আর আরিফের বিরুদ্ধে আনা ৬টি অভিযোগ কেন্ট ম্যাচের সঙ্গে সম্পর্কিত।

দুই খেলোয়াড়ের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে। ম্যাচ গড়াপেটার জন্য দোষী প্রমাণিত হলে আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন তারা।

ইসিবির দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান ক্রিস ওয়াটস এক বিবৃতিতে জানান, তদন্ত শেষ, এখন পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ। তাই এই ব্যাপারে তারা আর কোনো মন্তব্য করবেন না।

ইসিবির প্রধান নির্বাহী ডেভিড কোলিয়ার জানান, এই অভিযোগ গঠন করতে ইসিবির দুর্নীতি বিরোধী ইউনিট আইসিসির আকসুর সঙ্গে কাজ করেছে।

৩৫ বছর বয়সী ভিনসেন্ট নিউ জিল্যান্ডের হয়ে ২৩টি টেস্ট ও ১০২টি ওয়ানডে খেলেছেন।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ও চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় স্পট-ফিক্সিং প্রচেষ্টা সম্পর্কে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট বা আকসুকে বিস্তারিত তথ্য দিয়েছিলেন ভিনসেন্ট।

গত ডিসেম্বরে ভিনসেন্ট নিশ্চিত করেন, আইসিসির দুর্নীতি বিরোধী তদন্তে তিনি যুক্ত। ফেব্রুয়ারি মাসে তিনি স্বীকার করেন, গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় বুকিদের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি।

বিপিএলের গত আসরে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন ভিনসেন্ট।

৩২ বছর বয়সী নাভিদ আরিফকে সাসেক্স ২০১২ সালেই ছেড়ে দিযেছে।

পুরনো খবর:

বিপিএল ফিক্সিং: দোষ স্বীকার ভিনসেন্টের
ফিক্সিং নিয়ে মুখ খুললেন ভিনসেন্ট