বিপিএল ফিক্সিং: দোষ স্বীকার ভিনসেন্টের
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় বাজিকরদের ম্যাচ পাতানোর প্রস্তাব কর্তৃপক্ষকে না জানানোর জন্য দোষ স্বীকার করেছেন নিউ জিল্যান্ডের লু ভিনসেন্ট।
নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। তবে ঐ সময়ই বাজিকরদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
বিপিএলের গত আসরে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন ভিনসেন্ট।
৩৫ বছর বয়সী ভিনসেন্টসহ নিউ জিল্যান্ডের তিন জন খেলোয়াড়ের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগের তদন্ত করছে আইসিসি। তবে অন্য দু’জনের পরিচয় প্রকাশ করেনি নিউজিল্যান্ড ক্রিকেট।
গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া ভিনসেন্ট বলেন, “বাংলাদেশে শুনানি ও তদন্তের আওতায় থাকা কোনো ম্যাচ, বিষয় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে জড়িত নই।”
তবে বর্তমানে বিপিএলে ফিক্সিং নিয়ে তদন্ত চলার কারণে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালে বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে শুনানিতে দোষী প্রমাণিত হয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী। তবে অভিযুক্ত আরো ৬ জন নির্দোষ প্রমাণিত হয়েছে ট্রাইবুনালের রায়ে। আর আগেভাগেই দোষ স্বীকার করা মোহাম্মদ আশরাফুল ও কৌশল লোকুয়ারাচ্চির বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।
ফিক্সিংয়ের রায়ে হতাশ বিসিবি ও আইসিসি
ফিক্সিংয়ে দোষী গ্ল্যাডিয়েটর্স এমডি
