২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিক্সিং নিয়ে মুখ খুললেন ভিনসেন্ট

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ও চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি প্রতিযোগিতায় স্পট-ফিক্সিং প্রচেষ্টা সম্পর্কে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট বা আকসুকে বিস্তারিত তথ্য দিয়েছেন নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লু ভিনসেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 10:29 AM

Updated : 25 Apr 2022, 04:11 PM

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সাসেক্স ও ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় ম্যাচ পাতানোর প্রস্তাব নিয়ে তথ্য দিয়েছেন ভিনসেন্ট। এর আগে সাসেক্স নিশ্চিত করেছিল, কেন্টের বিপক্ষে একটি ৪০ ওভারের ম্যাচ নিয়ে তদন্ত করছে আকসু। সেই ম্যাচে খেলেছিলেন ভিনিসেন্ট।

দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে ভিনসেন্টের বিবৃতির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এনজেডসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেভিড হোয়ইট জানান, নিউ জিল্যান্ডের বর্তমান দলটির কোনো ক্রিকেটার নিয়ে তদন্ত হচ্ছে না।

নিউ জিল্যান্ড ক্রিকেট বৃহস্পতিবার জানায়, অকল্যান্ড এইসের ২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগের কয়েকটি ম্যাচ নিয়ে তদন্ত হচ্ছে, তবে দেশে খেলা কোনো ম্যাচ বা জাতীয় দলের কোনো ম্যাচ এর মধ্যে নেই।

টেলিগ্রাফ জানিয়েছে, স্পট ফিক্সিংয়ের জন্য টার্গেট করা ম্যাচ ও যুক্ত থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছেন ভিনসেন্ট। অন্তত পাঁচটি দেশে হওয়া খেলা নিয়ে তথ্য দিয়েছেন তিনি।

ডিসেম্বরে ভিনসেন্ট নিশ্চিত করেছিলেন, আইসিসির দুর্নীতি বিরোধী তদন্তে তিনি যুক্ত। ফেব্রুয়ারি মাসে তিনি স্বীকার করেন, গত বছর বাংলদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় বুকিদের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন তিনি।