মুশফিক ভালো আছেন জানালেন বোর্ড সভাপতি
ঢাকায় ফিরে অসুস্থ মুশফিকুর রহিমকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। বাংলাদেশ অধিনায়ককে দেখে এসে তার অবস্থা ভালো বলেই জানালেন তিনি।
শনিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মুশফিকের সঙ্গে দেখা করার পর নাজমুল হাসান বলেন, "মুশফিককে দেখলাম। আজ অনেক ভালো, জ্বর নেই।"
জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম হাসপাতালে ভর্তি হয়েছেন বৃহস্পতিবার। ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে তিনি ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত। এটা গুরুতর কিছু নয় বলেই জানিয়েছিলেন বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
তবে রোগ আরো ভালো করে বুঝতে বেশ কিছু পরীক্ষা করানো হচ্ছে মুশফিকের। এ কারণে আরো কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হভে বলে জানান বিসিবি সভাপতি।
"মুশফিক আজ (শনিবার) বাসায় চলে যেতে চেয়েছিলো। কিন্তু ডাক্তাররা বলেছেন, মূল রিপোর্টগুলো পাওয়া যাবে আগামীকাল (রোববার)। টেস্টের রিপোর্টগুলো পেয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। এমনিতে আজকে জ্বর নেই। সেও ভালো অনুভব করছে।"
