২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেস বোলিং নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজেদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের চেনা 'কন্ডিশনে' স্পিনাররাই বাংলাদেশের মূল বোলিং শক্তি হলেও পেসারদের নিয়ে দুর্ভাবনায় আছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 06:09 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

বিশেষজ্ঞ স্পিনাররা ছন্দে নেই; বিপদ আরো বাড়িয়েছে দুই পেসার মাশরাফি বিন মুর্তজা আর রুবেল হোসেনের চোট।

চোটের কারণে বিশ্বকাপই শেষ হয়ে গেছে রুবেলের। তার জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার জিয়াউর রহমান। ব্যাটিং শক্তি বাড়লেও পেস বোলিংয়ে ধার আরো কমেছে স্বাগতিকদের।

বুকের পাশের মাংসপেশিতে চোট পাওয়ায় মাশরাফি বিন মুর্তজার খেলাটা অনিশ্চিত। তাই অনভিজ্ঞ পেসার আল-আমিন হোসেনের কাঁধে বাংলাদেশের পেস আক্রমণের ভার।

রোববার সংবাদ সম্মেলেন সে কথাই বললেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম, “রুবেল না থাকায় আমাদের আর ‘অপশন’ নাই। মাশরাফি ভাইয়ের অবস্থাটা উনি ছাড়া আর কেউ বুঝতে পারে না। দুজন পেসারই আছেন, তাদেরই খেলতে হবে।” অলরাউন্ডার জিয়ার সঙ্গে আছেন আরেক পেস অলরাউন্ডার ফরহাদ রেজা। ব্যাট-বল দুই বিভাগেই অনুজ্জ্বল ফরহাদের দলে জায়গাই অনিশ্চিত। ব্যথা সহ্য করে দেশসেরা পেসার মাশরাফি খেলতে পারেন কিনা সেই আশায় আছেন মুশফিক। জিয়া আসায় ব্যাটিং শক্তি বেড়েছে জানিয়ে মুশফিক বলেন, “লোয়ার অর্ডারে একজন বিগ হিটার বা ফিনিশার প্রয়োজন, সেদিক থেকে সব ঠিক থাকলে হয়তো তিনি খেলতে পারেন।”