টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা জয়াবর্ধনের
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসরের আরেকটি ঘোষণা এল শ্রীলঙ্কা দলে। বাংলাদেশ থেকে ফেরার পর পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
এর আগে আরেক সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাও টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। সাঙ্গাকারার অবসরের কারণটা নিজের ক্ষেত্রেও টানলেন জয়াবর্ধনে।
“আমার অবসর নেয়ার কারণ সাঙ্গার মতো একই। তরুণরা যেন দলে এসে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, এ কারণে জায়গা ছেড়ে দিতে চাচ্ছি আমি।”
৩৬ বছর বয়সী জয়াবর্ধনে তার ক্যারিয়ারে ৪৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ৩১.৭৮ গড়ে ১ হাজার ৩৩৫ রান নিয়ে এই ফরম্যাটে তিনিই শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক।
