পার্থেও আলোচনায় জনসনের বোলিং
অ্যাশেজের প্রথম দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে সবচেয়ে বড় অবদান মিচেল জনসনের। শুক্রবার থেকে পার্থে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টেও এই বাঁহাতি পেসারের দিকে তাকিয়ে স্বাগতিক দল।
অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুতগতির উইকেটে জনসনের আরো বিধ্বংসী হয়ে ওঠার কথা। ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার অবশ্য জানাচ্ছেন প্রথম দুই টেস্টের ‘ঘাতক’কে নিয়ে তারা ভীত নন।
তবে “আমি ভয়ের কথা বলছি না” বললেও দলের ব্যাটসম্যানদের ওপরে ফ্লাওয়ার বেশ বিরক্ত। জিম্বাবুয়ের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের পরের কথাতেই তা পরিষ্কার।
ফ্লাওয়ার বলেন, “ফাস্ট বোলিংয়ের বিপক্ষে খেলার ব্যাপারে একটা কথাই শুধু বলতে চাই। তা হলো এর বিপক্ষে দীর্ঘ সময় ধরে খেলার জন্য আমাদের ব্যাটসম্যানদের দক্ষতা ও দৃঢ়তার সমন্বয় সাধন করতে হবে।”
“আমরা নিচের সারির ব্যাটসম্যানদের (অস্ট্রেলিয়ার বোলারদের) গতির সামনে ঠেলে দিলে তাদের সমস্যায় পড়তেই হবে। তাই মূল দায়িত্ব ব্যাটসম্যানদেরই পালন করতে হবে।”
ব্রিসবেনে ৩৮১ ও অ্যাডিলেডে ২১৮ রানে হেরে যাওয়া ইংল্যান্ড এখন অ্যাশেজ হাতছাড়া হওয়ার আশঙ্কায়। এবারের অ্যাশেজে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বা তার চেয়েও বেশি গতিতে বল করে অতিথি ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন জনসন।
দুই টেস্টেই ম্যাচ সেরার পুরস্কার জিতে নেয়া জনসনের কাছে অবশ্য গতিই শেষ কথা নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “ঘণ্টায় ১৫৫/১৬০ কিলোমিটার গতিতে বল করা নিয়ে আমি চিন্তিত নই। আমি এটাকে তেমন গুরুত্বপূর্ণও মনে করি না। সঠিক ছন্দে বল করতে পারলে গতিও ঠিক থাকবে।”
