ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নেই ভেট্টরি
চোট থেকে সেরে উঠলেও 'ফিটনেস' নিয়ে এখনো শঙ্কায় আছেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ঘরোয়া সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
গত জুনে অস্ত্রোপচারের পর চলতি মাসেই ঘরোয়া ক্রিকেটে ফিরলেও পাঁচ দিনের ম্যাচে খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কায় রয়েছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।
“আন্তর্জাতিক ক্রিকেট বিশেষ করে টেস্ট ক্রিকেটে শরীরের ওপর অনেক চাপ থাকে। এই চাপ মেটানোর ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার মতো খুব বেশি ক্রিকেট সাম্প্রতিক সময়ে আমি খেলিনি।”
নতুন বছরে ফিটনেস পরিস্থিতি পুনর্মূল্যায়নের আগে আপাতত ঘরোয়া দল নর্দান ডিস্ট্রিক্ট ও অস্ট্রেলিয়ার ব্রিসবেন হার্টের হয়ে টি-টোয়েন্টি খেলার দিকেই মনোযোগী হতে চান ভেট্টরি।
“পুরোপুরি সুস্থ না হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ঠেলে দিয়ে নিজেকে আবার চোটে ফেলতে পারি না। এটা আমার বা দলের ভালো হবে না।”
গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন ভেট্টরি। ১১২ টেস্টে ৩৬০ উইকেট নেয়ার পাশাপাশি ৪ হাজার ৫১৬ রান করেছেন তিনি।
তিন ম্যাচের টেস্ট সিরিজ ডুনেডেনে শুরু হবে ৩ ডিসেম্বর।
