২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে আসছেন না ভেট্টরি

গোড়ালির চোট থেকে সেরে উঠতে ছয় মাসের জন্য মাঠের বাইরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। ভবিষ্যত নিয়ে নতুন করে ভাববেন বলে নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতেও সই করেননি তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 Jul 2013, 08:19 AM

Updated : 23 Aug 2022, 11:07 AM

ফলে অক্টোবরে বাংলাদেশ সফরে আসতে পারছেন না ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।

চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিউজিল্যান্ড বিদায় নেবার পর বাম গোড়ালিতে অস্ত্রোপচার করান ভেট্টরি। টুর্নামেন্টে ব্যথানাশক ওষুধ খেয়ে খেলেছিলেন তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে শুক্রবার ভেট্টরি বলেন, “সাম্প্রতিক অস্ত্রোপচারের পর সেরে উঠার দিকেই আমি এখন গুরুত্ব দিচ্ছি। আগামী কঠিন পরিশ্রম করে আগামী ছয় মাসের মধ্যে আমি ক্রিকেটের মাঠে ফিরে আসতে চেষ্টা করবো।”

“আমি মনে করি বর্তমান চোটগ্রস্ত অবস্থায় চুক্তি বজায় রাখাটা ভুল সিদ্ধান্ত হতো”, যোগ করেন তিনি।

চোট থেকে সেরে উঠে আবার কবে মাঠে নামতে পারবেন তা নিশ্চিত না হয়ে এ বছর আর চুক্তির আওতায় আসতে চান না ভেট্টরি।

৩৪.৪২ গড়ে ৩৬০টি উইকেট নিয়ে রিচার্ড হ্যাডলির পর এখন নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি বা-হাতি স্পিনার ভেট্টরি। এছাড়া টেস্টে ৩০.১০ গড়ে ৪ হাজার ৫১৬ রান করেছেন এই অলরাউন্ডার। একদিনের ক্রিকেটে তার শিকার ২৮৪টি উইকেট।

অক্টোবরে বাংলাদেশ সফরে দুই দলের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার কথা। এরপর নিজেদের মাটিতে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ও ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।