২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিকের নৈপুণ্যে শেখ জামালের জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের চতুর্থ ম্যাচে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হারালেও শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

১৪ খেলা শেষে ২০ পয়েন্ট করে নিয়ে প্রথম দুটি স্থানে আছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর। লিগের শেষ দিন এই দুই দলের নিজেদের মধ্যে ম্যাচটি তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। ১৮ পয়েন্ট নিয়ে শেখ জামাল ও মোহামেডান আছে পরের দুটি স্থানে ।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৬ রান করে প্রাইম ব্যাঙ্ক।

সর্বোচ্চ ৮৯ রানে অপরাজিত থাকেন তাইবুর পারভেজ। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান অধিনায়ক রবি বোপারার।

শেখ জামালের পক্ষে তানভীর হায়দার ও শুভাশীষ রায় দুটি করে উইকেট নেন।

জবাবে ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।

সর্বোচ্চ ৮২ রান অধিনায়ক মুশফিকুর রহিমের। ৭৪ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে চমৎকার ইনিংস খেলে দলকে জেতানোয় ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

তানভীর (৩৩), জহুরুল ইসলাম (৩০), নাহিদুল ইসলাম (২৮) ও এল্টন চিগুম্বুরার (অপরাজিত ২৮) কম নয়।

প্রাইম ব্যাঙ্কের পক্ষে বোপারা ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নেন।

পুরনো খবর:

গাজী ট্যাঙ্ককে হারিয়ে লিগ জমালো মোহামেডান
কলাবাগানকে হারিয়ে শিরোপা লড়াইয়ে দোলেশ্বর